বজ্র আটুনি... ফস্কা গেরো! নানা কমিটি, সচেতনতার পরেও খাস কলকাতা মেডিক্যাল কলেজে ব়্যাগিং-এর অভিযোগ। গ্রাম থেকে ভুয়ো ফোনে ডেকে আনা হল অভিভাবকদেরও। কর্তৃপক্ষের কাছে নালিশ দুই পড়ুয়ার পরিবারের।
একজনের বাড়ি মুর্শিদাবাদে (Murshibad), অন্যজনের কামারপুকুরে। কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) এমবিবিএস-এর প্রথম বর্ষের দুই পড়ুয়া ব়্যাগিং-এর শিকার বলে অভিযোগ। এমনকী, ছাড়তে হয়েছে হস্টেলও। বাইরে ঘর ভাড়া নিয়ে আছেন দুজনে। অভিযোগ, দুই পড়ুয়াকেই ক্যাম্পাসে বেশি ঘুরতে বারণ করেছেন সিনিয়র দাদারা। রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে, “ক্লাস হয়ে গেলে যেন ক্যাম্পাসে বেশি না দেখি”।
এর মধ্যেই ভোর পাঁচটা নাগাদ ফোন যায় দুই পড়ুয়ার বাড়িতে। বলা হয়, “আপনার ছেলে বিপদ ঘটিয়েছে জলদি আসুন।” ফোন পেয়ে ভয় দিশাহার অভিভাবকরা তড়িঘড়ি কলকাতা আসেন। তার আগে ছেলেদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।
এই দুই ছাত্রকে ব়্যাগিং (Ragging)-এর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে মেডিক্যাল কলেজ। সোমবার ভুয়ো ফোন পেয়ে কলেজে এসে ছেলেদের সঙ্গে কথা বলার পরে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন অভিভাবকরা। তাঁদের অনুরোধ, “সিনিয়রদের র্যাগিংয়ে আমাদের ছেলেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু দেখুন।” ছাত্ররা জানিয়েছে, “কোনও কোনও সিনিয়র আমাদের ক্যাম্পাসে বেশি থাকতে বারণ করেছে। ভয় লাগছে কোনওদিন কিছু না করেও যদি ফেঁসে যাই।”
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, “কলেজটা দাদাগিরি করার জায়গা নয়। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে কর্তৃপক্ষকে জানাতে হবে। ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার একমাত্র কর্তৃপক্ষর আছে। কাউকে হেনস্থা করা হলে তদন্তে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।”















