বাঙালির প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবার পা দিতে চলেছে তার ৫০তম বর্ষে। আর এই সুবর্ণজয়ন্তী বর্ষের মেলাকে স্মরণীয় করে রাখতে নেওয়া হতে পারে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। মেলা সূত্রের খবর, আসন্ন ২০২৭ সালের এই বিশেষ আসরে কোন বিদেশি রাষ্ট্র নয়, বরং ‘থিম দেশ’ হিসেবে বেছে নেওয়া হতে পারে খোদ ভারতকেই। সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত বইমেলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সাধারণত প্রতি বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কোন একটি বিদেশি রাষ্ট্রকে 'ফোকাল থিম কান্ট্রি' হিসেবে নির্বাচন করা হয়। তবে এর আগে বইমেলার ২৫তম বর্ষেও ভারতকে থিম দেশ হিসেবে মেলে ধরা হয়েছিল। এবার পঞ্চাশতম বর্ষের ঐতিহাসিক মাইলফলককে উদযাপন করতে আবারও সেই পথেই হাঁটার কথা ভাবছেন উদ্যোক্তারা।
সূত্রের খবর, গত বইমেলা শেষ হওয়ার পর ল্যাটিন আমেরিকার একটি দেশ এবং চিনের কাছ থেকে থিম দেশ হওয়ার প্রস্তাব এসেছিল। এমনকি একটি মহলের পক্ষ থেকে ইজরায়েলকে থিম কান্ট্রি করার চিন্তাভাবনা ছড়ানো হলেও, ভূ-রাজনৈতিক সমীকরণ এবং নিরাপত্তার কারণে সরকারি স্তরে তাতে সায় মেলেনি। ব্রিকস (BRICS) সম্মেলনে মুক্ত প্যালেস্টাইনের পক্ষে প্রস্তাব পাশ হওয়া এবং ইজরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া স্পর্শকাতর পরিস্থিতির জেরে বইমেলা প্রাঙ্গণে কোনও ধরনের অশান্তির ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। এই সমস্ত দিক খতিয়ে দেখে ভারতের পাল্লাই এখন সবচেয়ে ভারী। উল্লেখ্য, ইতিপূর্বেই এই ৫০তম বইমেলার মূল থিম হিসেবে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি ঘোষণা করা হয়েছে।
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের ২২ জানুয়ারি এবং তা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং দুটি রবিবার পড়ায় রেকর্ড ভিড়ের আশা করছেন উদ্যোক্তারা। গত ৪৯তম বইমেলায় প্রায় ৩২ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং প্রায় ২৭ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।
ইতিমধ্যেই বইমেলার স্টল বরাদ্দের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রকাশকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়াও মিলছে। থিম দেশ হিসেবে ভারতের নাম চূড়ান্ত হওয়া এখন স্রেফ আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।















