টলিপাড়ার অভিনয় জগতে পা রাখতে চাওয়া নতুন প্রতিভাদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম (West Bengal Motion Picture Artists’ Forum) তাদের নতুন মেম্বারশিপ বা সদস্য পদের জন্য আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। আগামী ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ফোরামের কলকাতা অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করা যাবে। রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফর্ম বিতরণ প্রক্রিয়া সচল থাকবে।
আরও পড়ুন: মহালয়া থেকেই শুরু আইএসএল, প্রথম দফার সূচি প্রকাশ্যে
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী আবেদনকারীদের অবশ্যই ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। ফোরামের অফিস থেকে ১,০০০ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ফর্ম তোলার সময় আবেদনকারীকে অবশ্যই নিজের একটি ছবিসহ বৈধ পরিচয়পত্র যেমন- আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত মেদিনীপুর! প্রাণ গেল দলীয় কর্মীর
ফোরাম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র ফর্ম জমা দিলেই সদস্যপদ মিলবে না। ফর্ম জমা দেওয়ার পর আবেদনকারীদের সরাসরি একটি অডিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ফোরামের পক্ষ থেকে নিযুক্ত একটি বিশেষজ্ঞ কমিটি এই অডিশন পর্বটি পরিচালনা করবেন এবং তাঁদের মূল্যায়নের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে যে সংশ্লিষ্ট আবেদনকারীকে মেম্বারশিপ দেওয়া হবে কিনা। ফোরামের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের বাহ্যিক সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য হবে না এবং এই প্রক্রিয়ার যেকোনও স্তরে ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আরও পড়ুন: এক দশকে ৪ গুণ বৃদ্ধি! দেশে নাবালিকা নির্যাতনে NCRB-র রিপোর্টে আতঙ্ক
নতুন সদস্যদের উদ্দেশ্যে ফোরামের নির্দেশিকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেওয়া হয়েছে—এই ফোরাম কোনও শিল্পীকে কাজের সুযোগ বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় না। এটি মূলত অভিনয় ক্ষেত্রে কর্মরত শিল্পীদের স্বার্থ, অধিকার এবং পেশাগত মর্যাদা রক্ষার উদ্দেশ্যে লড়াই করা একটি সংগঠন।
তবে এই বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুয়ো চক্র ও প্রতারকদের হাত থেকে সাবধান করে ফোরামের কড়া সতর্কতা। ইদানীং কিছু অসাধু ব্যক্তি বা প্রতারক চক্র ফোরামের ‘আর্টিস্ট কার্ড’ বা সদস্যপদ পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে ফোরামের নজরে এসেছে।
আরও পড়ুন: "সন্ত্রাসবাদীদের পরিণাম ভুগতে হবে": রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভর্ৎসনা ভারতের
লাল কালিতে বিশেষভাবে সতর্কবার্তা জানানো হয়েছে যে, আর্টিস্টস ফোরামের সদস্যপদ কোনও তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে দেওয়া হয় না। তাই এই ধরনের প্রতারকদের ফাঁদে পা না দিয়ে, যেকোনও তথ্যের জন্য সরাসরি ফোরামের অফিশিয়াল নম্বর 8274000097 অথবা 033 2421-4394 -তে দুপুর ১টা থেকে ৭টার মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
















