দুই বাংলার রূপালি পর্দায় এখন অন্যতম আলোচিত নাম ইধিকা পাল। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান অভিনেত্রী ইধিকা পাল। এরপর টলিউড সুপারস্টার দেবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘খাদান’ ছবিতে। শাকিব ও দেবের মতো দুই ইন্ডাস্ট্রির শীর্ষ দুই নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পর, এবার ইধিকার ঝুলিতে যুক্ত হতে চলেছে আরও এক বড় চমক। টলিউডের ‘বস’ অর্থাৎ সুপারস্টার জিতের আগামী ছবির নায়িকা হতে যাচ্ছেন তিনি। আর এই নতুন সমীকরণ নিয়েই এখন সিনেমা পাড়ায় চর্চা তুঙ্গে।
আরও পড়ুন: পদ্মার ইলিশ ছাড়াই কাটবে পুজো! ছাড়পত্র না মেলায় মনখারাপ বাঙালির
টলিউড সূত্রে খবর, জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘জিৎ ফিল্মওয়ার্কস’-এর আগামী একটি বিগ বাজেটের বাণিজ্যিক সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য ইধিকা পালের সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। জিৎ বরাবরই তার ছবিতে নতুন ও সম্ভাবনাময় অভিনেত্রীদের সুযোগ দিতে পছন্দ করেন। অন্যদিকে, ইধিকার মিষ্টি চেহারা ও দুর্দান্ত অভিনয় দক্ষতা ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। ফলে পর্দায় জিৎ ও ইধিকার এই একদম নতুন ফ্রেশ জুটি দারুণ কিছু উপহার দেবে বলেই আশা করছেন অনুরাগীরা।
আরও পড়ুন: হাই কোর্টে বড় ধাক্কা মিলনের, খারিজ রক্ষাকবচ
ইধিকার ক্যরিয়ারের গ্রাফটা সত্যিই ঈর্ষণীয়। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক এবং দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ। এরপর ‘তুফান’ ছবিতেও তাঁর অভিনয় দর্শকদের মন কাড়ে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। টলিউডের অন্যতম সুপারস্টার দেবের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ‘খাদান’ ছবিতে। এরপর আবারও দু’জনে জুটি বাঁধেন ‘রঘু ডাকাত’ ছবিতে। ফলে খুব কম সময়ের মধ্যে কলকাতার বাণিজ্যিক সিনেমার শীর্ষ তিন নায়কের বিপরীতে কাজ করার এই অনন্য কৃতিত্ব ইধিকাকে বর্তমান প্রজন্মের অন্য নায়িকাদের চেয়ে অনেকটাই এগিয়ে রাখছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: চার সপ্তাহ সময় মিলল না, ৮ অক্টোবরের মধ্যেই জবাব দিতে হবে NCPI সাংসদদের
জিৎ ও ইধিকার জুটির এই খবরটি চাউর হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন। দুই তারকার ভক্তরাই এই নতুন জুটিকে একসাথে দেখার জন্য মুখিয়ে আছেন। যদিও প্রযোজনা সংস্থা বা ইধিকার পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি, তবে টলিপাড়ার ভেতরের খবর—খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ছবির ঘোষণা আসতে চলেছে।
এখন দেখার বিষয়, শাকিব ও দেবের পর জিতের সাথে ইধিকার এই নতুন জুটি বক্স অফিসে কতটা ম্যাজিক তৈরি করতে পারে।
















