আদালতে বড় ধাক্কা নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan)। নতুন মামলায় তাঁর রক্ষাকবচ খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া রক্ষাকবচের নির্দেশ খারিজ করে। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নতুন মামলায় মিলনকে গ্রেফতার না করা এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: সরকারি স্বাস্থ্যবিমার জট কাটাতে পদক্ষেপ, প্রতিটি হাসপাতালেই বিশেষ কোঅর্ডিনেটর

শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কেন মিলন আগাম জামিনের আবেদন করেননি বা গ্রেফতারির পর জামিন চাননি। তাঁর মন্তব্য, ‘‘একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত।’’

আরও পড়ুন: বারুইপুর আদালতে সায়নকে ডিম, স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে

মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু ১৮ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল সমর্থনের কথা ঘোষণা করার পর পরিস্থিতি বদলে যায়। ভোটের আগে পুরনো মামলায় গ্রেফতার এবং নতুন মামলায় পদক্ষেপের জেরে নির্বাচনে লড়ার সুযোগ যাতে নষ্ট না হয়, সেই কারণেই রক্ষাকবচ চাওয়া হয়েছিল বলে আদালতে জানান তিনি।

তবে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনে লড়ছেন বলে মিলন আইনের ঊর্ধ্বে নন। তাঁর কথায়, ‘‘জামিনের আবেদন করুন। নির্বাচনের জন্য সময় রয়েছে। প্রয়োজনে ছুটির দিনেও আদালত বসতে পারে।’’ তাঁর স্পষ্ট বার্তা, আইনের চোখে সাধারণ নাগরিক এবং নির্বাচনী প্রার্থীর মধ্যে কোনও ভেদাভেদ নেই।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, যে মামলায় মিলনকে গ্রেফতার করা হয়েছে, সেখানে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। রাজ্যের দাবি, সংশ্লিষ্ট মামলাগুলিতে ২০২১ সাল থেকেই পরোয়ানা ছিল এবং কমিশনের নির্দেশেই পদক্ষেপ করা হয়েছে।