বারুইপুর আদালত (Baruipur Court) চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে (Sayan Banerjee) লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে মোটেই হালকা ভাবে দেখছে না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবার স্বতঃপ্রণোদিত মামলা শুরু করল উচ্চ আদালত।

আরও পড়ুন: কত দাম সোনা রুপোর দেখে নিন এক নজরে

শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দেয় হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। মামলায় আদালতকে সহযোগিতা করার জন্য "অ্যামিকাস কিউরি" বা আদালত বান্ধব হিসেবে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যে পুরভোট কবে, আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের

শুনানিতে ঘটনাটি নিয়ে কড়া বার্তা দেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘‘আজকে একজন আইনজীবীকে আক্রমণ করা হয়েছে। কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বন্ধ হওয়া দরকার।’’

এদিকে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হলফনামা চেয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাটির পরবর্তী শুনানি হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।