সরকারি পণ্য ও পরিষেবা কেনার প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনতে এবং খরচে রাশ টানতে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। কেনাকাটার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনলাইন প্ল্যাটফর্ম ‘গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস’ বা ‘জেম’ (GeM)-এর ব্যবহার বাধ্যতামূলক করা হল। সম্প্রতি অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দফতর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে যাবতীয় প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা শুধুমাত্র এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। প্রশাসনের অন্দরে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষা, সামগ্রিক কাজের গতি বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।
অর্থ দফতরের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, যে সমস্ত দফতর বা সরকারি সংস্থা এখনও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়নি, তাদের অবিলম্বে জেম পোর্টালে ‘অনবোর্ডিং’ অর্থাৎ অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কেনাকাটায় পুরনো জটিলতা ও অসঙ্গতি দূর হয়ে পুরো ব্যবস্থাটি আরও জবাবদিহিমূলক হয়ে উঠবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
















