পুলিশের উর্দিতে রাজনৈতিক দলের মঞ্চে উঠে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে (Sujit Dey)। চাপের মুখে তাঁকে পুলিশ লাইনে (Police line) ক্লোজড (Closed) করার নির্দেশ দিল প্রশাসন। পুলিশের পোশাক কি শুধুই আইন-শৃঙ্খলার প্রতীক, নাকি কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানের মঞ্চেও তার উপস্থিতি স্বাভাবিক? বারাসতের বামনগাছিতে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে পুলিশের পোশাকে সুজিতের সংবর্ধনা নেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে। ওই আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং মামলা-কেসের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে বলে সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধেয়। বিজেপির (BJP) বারাসত ৪ নম্বর মণ্ডলের দলীয় কার্যালয় উদ্বোধন হয় ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি চৌমাথায়। অনুষ্ঠানের ছবিতে দেখা গিয়েছে, পুলিশের উর্দিতে (Police Uniform) বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে-কে গেরুয়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে, একজন কর্মরত পুলিশ আধিকারিক কোনও রাজনৈতিক দলের দলীয় অনুষ্ঠানে এভাবে সংবর্ধিত হতে পারেন কি না! পুলিশ ও জেল কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কনডার্ট রুলস ১৯৫৯-এ সরকারি কর্মচারীর কাছ থেকে সর্বোচ্চ মানের সততা, নিরপেক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার কথা বলা হয়েছে। একই নিয়মের ১১ নম্বর ধারায় পূর্বানুমোদন ছাড়া সরকারি কর্মচারীর সংবর্ধনা গ্রহণ বা তাঁকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। ২৬ নম্বর ধারায় রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার উপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে একজন আধিকারিককে সংবর্ধনা দেওয়া নিয়ে নয়, প্রশ্ন ওঠে পুলিশের নিরপেক্ষতার বিশ্বাসযোগ্যতা নিয়ে।
সমালোচনা শুরু হতেই বিজেপির ওই অনু্ষ্ঠানে ওসি সুজিত দের ভূমিকা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, ছবি ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর বামনগাছি ফাঁড়ির ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে সুজিতে। বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের।
















