উৎসবের মরশুমে তিলোত্তমায় ঠাকুর দেখার আনন্দ আরও দ্বিগুণ করতে প্রস্তুত রাজ্য সরকার। আগামী দুর্গাপুজোয় শহর ও শহরতলির বাসিন্দাদের জন্য পরিবহণ ব্যবস্থার খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পুজোর দিনগুলিতে দিন-রাত সরকারি বাস পরিষেবা সচল রাখার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে প্রায় ৯০টি নতুন সিএনজি (CNG) এবং ব্যাটারিচালিত বাস। একই সঙ্গে উৎসবপ্রেমীদের জন্য পুজো পরিক্রমার চেনা ছক ভেঙে একঝাঁক নতুন হেরিটেজ প্যাকেজ ঘোষণা করেছে পরিবহণ নিগম। বৃহস্পতিবার রাজ্য পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে পরিবহনমন্ত্রী অর্জুন সিং দফতরের আধিকারিকদের উপস্থিতিতে পুজো পরিক্রমার নতুন প্যাকেজের ঘোষণা করেন। পরিক্রমার প্যাকেজগুলি জনপ্রতি ৮০০ থেকে ২৪০০ টাকার মধ্যে থাকছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।
আরও পড়ুন: মোদির সঙ্গে মহিলার আপত্তিকর ছবি! CJP-র নেতাদের নোটিশ দিল্লি হাই কোর্টের
এবার পুজো পরিক্রমায় বাড়তি আকর্ষণ যোগ করছে বাতানুকূল ট্রাম এবং জলপথ পরিবহণ। শ্যামবাজার থেকে এসপ্লানেড হয়ে গড়িয়াহাট পর্যন্ত বিশেষ রুটে ছুটবে সুসজ্জিত এসি ট্রাম। ঢাকের আওয়াজ আর উৎসবের আবহে এই ট্রামে চড়ে হাতিবাগান সর্বজনীন, কাশীবোস লেন, নলিনী সরকার স্ট্রিটের মতো উত্তর ও দক্ষিণের নামী বারোয়ারি পুজো ঘুরে দেখার সুযোগ পাবেন যাত্রীরা। অন্যদিকে মিলেনিয়াম পার্ক থেকে ভেসেল বা লঞ্চে চড়ে গঙ্গা বক্ষে ভ্রমণের পাশাপাশি থাকছে বাসের সংযোগ। লঞ্চে চেপে আহিরীটোলা ঘাটে পৌঁছে সেখান থেকে এসি বাসে করে বাগবাজার, শোভাবাজারের পুজো ঘোরানোর দুর্দান্ত প্যাকেজ তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ফান্ডের অভাবে গড়িয়ার স্কুলে বন্ধ মিড-ডে মিল!
এছাড়াও থাকছে ‘হেরিটেজ ট্যুর’। শহরের ঐতিহ্যবাহী পুজোগুলিকে ছুঁয়ে দেখতে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে একাদশী পর্যন্ত চলবে বিশেষ হেরিটেজ ট্যুর। কলকাতার বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি এবং বেহালার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো এই প্যাকেজের অন্তর্ভুক্ত। এছাড়া কলকাতা থেকে একটু দূরের ধান্যকুড়িয়া, আরবেলিয়া, কামারপুকুর ও জয়রামবাটীর পুজো দেখার বিশেষ ট্রিপের ব্যবস্থাও রাখা হয়েছে।
পুজোর শেষলগ্নে অর্থাৎ বিজয়া দশমীর সন্ধ্যায় গঙ্গার বুকে বিশেষ ভেসেলের ব্যবস্থা করছে পরিবহণ দফতর। এই ভেসেলে চড়ে দর্শনার্থীরা গঙ্গার বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জনের রাজকীয় দৃশ্য চাক্ষুষ করতে পারবেন। পুজো পরিক্রমার এই সমস্ত প্যাকেজে দুপুরের খাওয়াদাওয়ার ব্যবস্থাও ধরা থাকছে।
আরও পড়ুন: জোড়া সুবিধায় কাটছাঁট! অন্নপূর্ণা না বিধবা ভাতা বাছাইয়ের নির্দেশ সুবিধাভোগীদের
নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত বিশেষ প্যাকেজের টিকিট ধর্মতলা বা এসপ্লানেড ট্রাম ডিপো এবং কাঁকুড়গাছি, যাদবপুর, গড়িয়া, বারাসত, টালিগঞ্জ ও ব্যারাকপুরের মতো প্রধান টার্মিনাসগুলি থেকে সরাসরি কেনা যাবে। পাশাপাশি, ঘরে বসেই WBTC-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমেও টিকিট বুকিং করা যাবে। কলকাতার পুজো দেখার এই রাজকীয় আয়োজন সাধারণ মানুষকে আরও বেশি মণ্ডপমুখী করবে বলেই আশাবাদী পরিবহণ দফতর।
















