রাজ্য বিজেপি কমিটিতে রদবদল। বিজেপির রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কে (Jadavpur MLA Sharbari Mukherjee), তিনি সাধারণ সম্পাদক পদে ছিলেন। ফাল্গুনী পাত্রকে (Falguni Patra) সরিয়ে মহিলা মোর্চার মাথায় অঞ্জনা বসুকে নিয়ে আসা হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো, শশী অগ্নিহোত্রী। 

আরও পড়ুন: গিল্ড অফিস থেকেই গ্রেফতার বাপি! স্বরূপ-ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে বহু অভিযোগ

শুক্রবার জেলাস্তরে রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে সাত জেলার সভাপতিকে।  সাত জেলার মধ্যে রয়েছে বারাসত, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর, মেদিনীপুর, বর্ধমান, কাটোয়া। এছাড়া, চার মোর্চার সভাপতিও বদল করা হয়েছে। এত বদল কেন- কারণ 'এক ব্যক্তি,এক পদ নীতি'।

এদিকে, চার মোর্চার সভাপতি বদল করা হয়েছে। বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা ও ওবিসি মোর্চার সভাপতি বদল করা হয়েছে। বিজেপির যুব মোর্চার সভাপতি হলেন আমতার বিধায়ক অমিত সামন্ত। মহিলা মোর্চা সভানেত্রী অঞ্জনা বসু। আগে সভানেত্রী ছিলেন ফাল্গুনী পাত্র। এবার অভিনেত্রী অঞ্জনা বসুকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। ওবিসি মোর্চার দায়িত্ব পেয়েছেন ধনঞ্জয় ঘোষ। 

আরও পড়ুন: টেটের প্রস্তুতি শুরু রাজ্যে, সবুজ সঙ্কেত মিললেই হবে পরীক্ষা

রাজ্য কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন রাজু বিস্তা (Raju Bista)। তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিকিমের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করছেন। বারাসাতে বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের জায়গায় দায়িত্ব পেয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। বনগাঁয় বিকাশ ঘোষের জায়গায় এসেছেন নৃপেন বিশ্বাস। শ্রীরামপুরে সুমন ঘোষের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শশী সিংকে। আরামবাগে সুশান্ত বেরার জায়গায় দায়িত্ব পেয়েছেন বিধায়ক প্রশান্ত দিগার। মেদিনীপুরে শমিত কুমার মণ্ডলের জায়গায় এসেছেন সৌমেন তিওয়ারি। বর্ধমানে অভিজিৎ তায়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন আশিস পাল। কাটোয়ায় স্মৃতিকণা বসুর জায়গায় আনা হয়েছে মানিক রায়কে।