সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর রাজ্যে কর্মরত শিক্ষকদের জন্য টেট (TET) আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। স্কুলশিক্ষা দফতরের তরফে পরীক্ষা নেওয়ার বিষয়ে তথ্য চাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board ) জানিয়েছে, সরকারি অনুমোদন মিললেই তিন মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের মতো প্রস্তুতি তাদের রয়েছে বলে সূত্রের খবর। তবে পরীক্ষা নিয়ে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি। 

আরও পড়ুন: SIR-এর দুশ্চিন্তায় মৃত্যুমিছিল আর জ্ঞানেশ পদে বহাল! CEC-এর পদত্যাগের দাবিতে মিছিলে সরব মীণাক্ষিরা

 গত বছর সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়, ২০২৮ সালের মধ্যে দেশের সমস্ত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষককে ‘টিচার্স এলিজিবিলিটি টেস্ট’ বা টেট উত্তীর্ণ হতে হবে। তবে যেসকল প্রবীণ শিক্ষকের অবসরের আর মাত্র পাঁচ বছর বা তার কম সময় বাকি রয়েছে, তাঁরা এই নিয়ম থেকে ছাড় পাবেন। পরিসংখ্যান অনুসারে, বর্তমানে সারা দেশে প্রায় ২০ লক্ষ এবং পশ্চিমবঙ্গে ৯০ হাজারের বেশি কর্মরত শিক্ষক রয়েছেন, যাঁদের টেট পাশ করা নেই। শিক্ষার অধিকার আইন (RTE) ২০০৯ কার্যকর হয় ২০১০ সালে। তবে এনসিটিই (NCTE)-র যোগ্যতা সংক্রান্ত নিয়ম পশ্চিমবঙ্গে চালু হয় ২০১১ সালের জুলাই মাসে।

 শিক্ষকদের একাংশের দাবি, ২০১১ সালের জুলাইয়ের আগে যাঁরা চাকরি শুরু করেছিলেন, তাঁদের ওপর এই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়। এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হলেও এবং শিক্ষক সংগঠনগুলি সংসদীয় অধ্যাদেশের দাবি জানালেও এখনও আইনি জটিলতার কোনও স্থায়ী সমাধান মেলেনি। পরিস্থিতি পর্যালোচনায় স্কুলশিক্ষা দফতর সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর কাছে পরীক্ষার সম্ভ্যাব্য দিনক্ষণ ও প্রস্তুতি জানতে চেয়ে চিঠি পাঠায়, যার উত্তরে পর্ষদ ৩ মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের স্পষ্ট বার্তা দেয় বলে খবর। সেইমত শুরু হয়েছে প্রস্তুত।