এক তরুণীর বাড়িতে বিজেপির (BJP) ‘গুণ্ডাদের’ পাঠিয়ে তাঁর পরিবারকে ধমকানো হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) নীলাম মীনার (Neelam Meena) বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরই ছেলে অনীশ রায় (Anish Ray)। অনীশের দাবি, মন্ত্রী উমেশ রাইয়ের (Umesh Rai) সাহায্যেই ওই তরুণীর বাড়িতে ‘গুণ্ডা’ পাঠানো হয়েছিল। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।
আরও পড়ুন: জামুই-সমস্তিপুরের পর বাঙ্কা, বিহারে ফের প্রকাশ্যে মহিলা নিগ্রহ
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অনীশ। তাঁর দাবি, সেই কারণেই তাঁর বান্ধবী লাভিকার সঙ্গে বাড়িতে বসে একসঙ্গে লেখাপড়া করতেন তিনি। মা নীলাম তা নিয়ে আপত্তি জানান। লাভিকাকে তাঁদের বাড়িতে আসতে বারণ করেন তিনি। এরপর অনীশ বান্ধবীর বাড়িতে গিয়েই একসঙ্গে প্রস্তুতি নিতে শুরু করেন। অনীশের দাবি, এর পরেই তাঁর গাড়ি ব্যবহার করা বন্ধ করে দেন নীলাম।
অনীশের অভিযোগ, তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। গাড়ি ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার পর তিনি বাসে করেই বান্ধবীর বাড়িতে যেতেন। কিন্তু তাতেও শান্ত হননি নীলাম। ছেলের ব্যক্তিগত জীবন, বন্ধুত্ব এবং কার সঙ্গে তিনি মেলামেশা করবেন, সেই বিষয়েও নিয়ন্ত্রণ রাখতে চাইছিলেন তিনি। এই পরিস্থিতিতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও ভিডিয়োয় দাবি করেছেন অনীশ।
আরও পড়ুন: ফের আইনি লড়াই, ব্রিজভূষণের বিরুদ্ধে কোর্টে আবেদন মহিলা কুস্তিগীরদের
অভিযোগের পরিধি শুধু পারিবারিক বিবাদেই সীমাবদ্ধ রাখেননি অনীশ। তাঁর দাবি, এই ঘটনায় প্রশাসনিক এবং রাজনৈতিক প্রভাবও ব্যবহার করা হচ্ছে। এমনকি ওই তরুণীর বাড়িতে বিজেপির ‘গুণ্ডা’ পাঠিয়ে তাঁর পরিবারকে ভয় দেখানো ও ধমকানোর অভিযোগও তুলেছেন তিনি। এ ক্ষেত্রে মন্ত্রী উমেশ রাইয়ের সাহায্য নেওয়া হয়েছিল বলেও দাবি অনীশের।
Anish Ray, son of West Bengal Chief Electoral Officer Neelam Meena, has alleged that his mother misused her power to harass the family of his friend Lavika. Anish said his mother, with the help of BJP Minister Umesh Rai, sent goons and BJP workers to threaten his friend's family. pic.twitter.com/InGlUaklOz
— Abhishek (@AbhishekSay) September 24, 2026
ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক দল, যুব সংগঠন এবং নাগরিক অধিকার সংগঠনগুলির হস্তক্ষেপও চেয়েছেন অনীশ। তাঁর অভিযোগ, একটি ব্যক্তিগত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পুলিশ, প্রশাসন এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করা হচ্ছে।
তবে অনীশের ইনস্টাগ্রাম পোস্টে করা এই সমস্ত দাবিই আপাতত অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই হয়নি। ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সত্যিই নীলামের ছেলে অনীশ রায়ের কি না, সে বিষয়েও নীলামের তরফে প্রকাশ্যে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পাশাপাশি, অনীশের তোলা অভিযোগ নিয়েও নীলামের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।
















