টানা তিন দিন ধরে বন্ধ মিড-ডে মিল (Mid Day Meal)। ফলে টিফিনের সময় খাবারের অপেক্ষায় থেকেও খালি পেটেই বাড়ি ফিরতে হচ্ছে পড়ুয়াদের। গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে টানা তিন মাস মিড-ডে মিলের বরাদ্দ না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতদিন দোকান থেকে বাকিতে সামগ্রী এনে কোনওরকমে রান্না করা হচ্ছিল। তবে এখন সেই ধারও বড় অঙ্কে পৌঁছেছে। ফলে কার্যত বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয়েছে রান্না।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হোক হিন্দি! দাবির জবাবে কী জানাল শীর্ষ আদালত

স্কুল সূত্রে খবর, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন পড়ুয়া এই মিড-ডে মিলের উপর নির্ভরশীল। এতদিন তাদের জন্য মাংস, ডিম, সোয়াবিন, আলু-সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হত। কিন্তু গত বুধবার থেকে উনুন আর জ্বলছে না। টিফিনের সময়ে পড়ুয়ারা খাবারের আশায় মিড-ডে মিলের ঘরের সামনে গেলেও ফিরতে হচ্ছে খালি হাতে।

আরও পড়ুন: বান্ধবীর বাড়িতে 'গুণ্ডা' পাঠাচ্ছেন মা নীলাম! মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক পুত্র

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন টাকা না আসায় স্থানীয় দোকানদারদের কাছ থেকে ধার করে বাজার করা হচ্ছিল। বর্তমানে মুদির দোকানে প্রায় ২৫ হাজার টাকা, ডিমের দোকানে ৯ হাজার টাকা এবং আলুর দোকানে প্রায় ১২ হাজার টাকা বকেয়া রয়েছে। পাওনাদারদের চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত রান্না বন্ধ করা ছাড়া উপায় ছিল না বলে দাবি প্রধান শিক্ষকের।

প্রধান শিক্ষকের বক্তব্য, প্রায় তিন মাস ধরে মিড-ডে মিলের টাকা আসছে না। বিষয়টি জানিয়ে পুরসভাকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। এমনকি সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকেও স্পষ্ট কোনও উত্তর মেলেনি বলে অভিযোগ। শিক্ষকদের সহযোগিতায় এতদিন কোনওভাবে পরিষেবা চালানো হলেও শেষ পর্যন্ত তা বন্ধ হয়েই গেল।

এদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার তরফে জানানো হয়েছে, জেলা থেকে গত তিন মাস ধরে মিড-ডে মিলের টাকা আসেনি। পোর্টাল সংক্রান্ত সমস্যার কারণেও বরাদ্দ আটকে রয়েছে বলে দাবি পুরসভার। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিক্ষা দফতরও।