সাংবাদিক হিসেবে আরেক সাংবাদিকের ভালো কাজের জন্য তাঁকে অভিনন্দন দেওয়াটাই রীতি। কিন্তু প্রবল ঈর্ষা আর লোভ যখন মাথা চাড়া দেয় তখন অসভ্যতা আর বিকৃতরুচি শেষ সীমায় পৌঁছয়। সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র সাংবাদিক ঋতিকা চোপড়ার (Ritika Chopra) জ্ঞানেশ কুমার সম্পর্কিত খবরের জেরে যখন দেশজুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে, তখন তাঁকে স্যোশাল মিডিয়ায় কুৎসিত আক্রমণ করে পোস্ট করেন আরেক সাংবাদিক বলে পরিচয় দেওয়া ব্যাক্তি। এখন কোথায় কলকাতা পুলিশের (Kolkata Police) নজরদারি- উঠছে প্রশ্ন।
নির্বাচন কমিশনের অন্যান্য পদাধিকারীদের অন্ধকারে রেখেই এসআইআর (SIR) নিয়ে একা সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। গত ১০ মাসে কমপক্ষে ১৪ বার লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য ফাঁস করেন ঋতিকা চোপড়া। তার পরেই দেশজুড়ে তোলপাড়। বিজেপি-বিরোধী সব রাজ্যনৈতিক দল-সংগঠন সরব হয় মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদত্যাগের দাবিতে। এই নিয়ে স্বভাবতই মুখ পুড়েছে বিজেপির।
এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়া কদার্য পোস্ট হয়েছে ঋতিকাকে নিয়ে। তাতে লেখা হয়, “শরীর বেচে বা ছিপছিপে শরীরের লোভ দেখিয়ে সাংবাদিকতা শিক্ষতে চান ??? তবে যোগাযোগ করুন ঋতিকা চোপড়ার সঙ্গে। কি ভাবে বিছানা গরম করে মিথ্যা বলিয়ে নিতে হয় তা সুকৌশলে শেখাচ্ছেন ঋতিকা”। পোস্টে আবার বানানও ভুল।
অদ্ভূত সমাপতনে যে সময় এই পোস্ট হচ্ছে, সেই সময়ই খবর সামনে আসে যে নির্বাচনের আগে বিজেপির হয়ে ম্যানুফ্যাকচার্ড ন্যারেটিভ তৈরিতে ইউটিউবার, ইন্ফ্লুয়েন্সারদের টাকা দিয়েছে বিজেপি। তবে, সেই তালিকায় নাম নেই এই তথাকথিত সাংবাদিকের। তাহলে কি বিজেপি হয়ে ব্যাটিং করে টাকা কামাতেই এই কদার্য-নিম্নরুচির পোস্ট- উঠছে প্রশ্ন।
একজন সাংবাদিক একটি চাঞ্চল্যকর খবর করেছেন। সেটা নিয়ে পক্ষে-বিপক্ষে মত থাকতেই পারে। কিন্তু শুধু মহিলা বলে তাঁকে নোংরা, কদার্য ভাষায় আক্রমণ কোন শিক্ষা-রুচির পরিচয়? প্রশ্ন উঠছে, যিনি এই পোস্ট করেছেন বা যাঁরা সেটা শেয়ার করছেন তাঁদের মানসিকতা কি? কোথায় কলকাতা পুলিশের নজরদারি? কেন এক মহিলা সম্পর্কে কুৎসিত পোস্ট করার পরেও এই সব নেট-নাগরিকরা গ্রেফতার হবেন না? তাহলে কি শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই স্যোশাল মিডিয়া নজরদারি চলছে- নারীর সম্ভ্রম রক্ষার কোনও দায় নেই!
















