অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা দুই প্রকল্পের সুবিধা এবার থেকে একসঙ্গে নেওয়া যাবে না। নারী ও শিশু উন্নয়ন দফতরের (Department of Women and Child Development) ১৪ সেপ্টেম্বরের নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে বর্তমানে যে মহিলারা দুই প্রকল্পেরই সুবিধা পাচ্ছেন, তাঁদের নির্দিষ্ট ফর্মে লিখিত সম্মতি দিয়ে জানাতে হবে, কোন প্রকল্পের সুবিধা তাঁরা রাখতে চান।

নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা দেওয়া হয়। দুই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে যাঁরা এত দিন দু’টিরই আওতায় ছিলেন, তাঁদের এবার একটি প্রকল্প বেছে নিতে হবে। সেই সিদ্ধান্তের তথ্য ‘সমর্থ’ পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে।

নতুন নিয়মে একইসঙ্গে দুই প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকছে না। সুবিধাভোগীদের নির্ধারিত ফর্মে নিজেদের পছন্দ জানিয়ে সম্মতিপত্র দিতে হবে। এরপর সেই তথ্য প্রশাসনিক পোর্টালে নথিভুক্ত করা হবে। অর্থাৎ, বর্তমানে দুই প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের এবার তাঁদের পছন্দ অনুযায়ী একটি প্রকল্পের সুবিধা চালিয়ে যেতে হবে।

এর আগের সরকারের সময়ে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বিধবা ভাতারও সুবিধা পেতেন। সেই ব্যবস্থায় একইসঙ্গে দুই ধরনের সরকারি সহায়তা পাওয়ার সুযোগ ছিল। নতুন নির্দেশিকার ফলে সেই ব্যবস্থায় পরিবর্তন আসছে। ফলে বর্তমানে দুই প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রকল্পের সুবিধা তাঁরা রাখতে চান, তা লিখিতভাবে জানাতে হবে।