টলিপাড়ায় ফের বড়সড় চমক! প্রতারণার মামলায় রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন টলিউডের প্রভাবশালী সংগঠন ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার। তৃণমূলের প্রভাবশালী নেতা স্বরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাপিকে বৃহস্পতিবার রাতে মেকআপ গিল্ডের কার্যালয় থেকেই আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়। আজ, শুক্রবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। বাপির এই আকস্মিক গ্রেফতারির পর থেকেই স্টুডিও পাড়ায় নতুন করে চড়তে শুরু করেছে বিতর্কের পারদ। 

আরও পড়ুন: ঋতিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা পোস্ট! কোথায় পুলিশের নজরদারি? প্রশ্ন সবমহলের

কয়েক মাস আগে এক মহিলা মেকআপ আর্টিস্টের আনা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল টলিউড। অভিযোগকারিণীর দাবি ছিল, গিল্ডের তৎকালীন সম্পাদক বাপি মালাকার তাঁকে ইচ্ছাকৃতভাবে পেশাগত কাজ থেকে বঞ্চিত করছিলেন। এই বঞ্চনার বিরুদ্ধে হস্তক্ষেপ চেয়ে তিনি স্বরূপ বিশ্বাসকে চিঠিও দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, এর পরপরই ওই মহিলা মেকআপ আর্টিস্টকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখানো শুরু হয়। স্বাভাবিকভাবেই সেই সময় স্বরূপ বিশ্বাস ও বাপি মালাকারের নাম একসঙ্গে সংবাদ শিরোনামে উঠে এসেছিল।

আরও পড়ুন: এনআইএর তদন্তের মধ্যেই ভ্যানডাইকের আমেরিকা যাত্রা! ‘মার্কিন চাপ’-এর অভিযোগ কংগ্রেসের

এই ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। গত জুন মাসে ওই মেকআপ আর্টিস্টের দায়ের করা শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে আচমকাই গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তবে ঘটনার সবচেয়ে বড় নাটকীয় মোড় আসে তার প্রায় দু’মাস পর। 

হঠাৎই সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সেই অভিযোগকারিণী সম্পূর্ণ বিপরীত দাবি পেশ করেন। তিনি স্পষ্ট জানান যে, স্বরূপ বিশ্বাস তাঁর সঙ্গে কোনওরকম অশালীন আচরণ করেননি। তাঁর মূল ক্ষোভ এবং আইনি লড়াই ছিল মূলত বাপি মালাকার এবং শান্তনু দে-র বিরুদ্ধে। ভুলবশত স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ায় তিনি তীব্র আত্মগ্লানিতে ভুগছেন বলেও দাবি করেন এবং পুলিশের কাছে গিয়ে বয়ান সংশোধনের ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: ব্যাখ্যা দিক জ্ঞানেশ কুমার-ECI! বিতর্কিত ইস্যুতে এবার সরব NDA শরিক দলগুলি

মহিলা মেকআপ আর্টিস্টের সেই বিস্ফোরক ভিডিও বার্তার পর থেকেই পুলিশের রাডারে ছিলেন বাপি মালাকার। অবশেষে বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক থানার পুলিশ টালিগঞ্জের মেকআপ গিল্ডের অফিসে সরাসরি হানা দেয় এবং সেখান থেকেই বাপিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি নির্দিষ্ট আর্থিক প্রতারণা ও অনিয়মের মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশি প্রক্রিয়া শেষ করে আজ, শুক্রবারই বাপি মালাকারকে আলিপুর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখতে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন: শুটিংয়ের মধ্যেই পেলেন খুশির খবর! বিজেপির রদবদলে বিরাট দায়িত্বে অঞ্জনা

বাপির গ্রেফতারির পর মেকআপ গিল্ডের ভেতরে চলা আর্থিক অচ্ছলতা, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ টেকনিশিয়ানদের কাজ পাইয়ে দেওয়ার নামে ‘কাটমানি’ নেওয়ার যে দীর্ঘদিনের অভিযোগ ছিল, তা নিয়ে আবারও সরব হয়েছেন টলিপাড়ার কলাকুশলীদের একাংশ। এখন দেখার, আদালতে তোলার পর বাপি মালাকারের জল কতদূর গড়ায়।