সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়া ভাটের অভিনয় দর্শকদের মনে আজীবন দাগ কেটে থাকবে। সেই জাতীয় পুরস্কার জয়ী পারফরম্যান্সের পর, এবার বনশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ সম্পূর্ণ ভিন্ন এক অবতারে ধরা দিতে চলেছেন কাপুরবধূ। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবিতে আলিয়ার চোখ ধাঁধানো ফার্স্ট লুক, যেখানে তাঁকে একটি আবেদনময়ী রেট্রো ক্যাবারে ড্যান্সারের ভূমিকায় দেখা যাচ্ছে। ছবির এই নতুন পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “আগ ভি, দিলো কি জান ভি!”
আরও পড়ুন: বাংলায় আদানি-আম্বানিদের বিনিয়োগ, বিপুল শিল্প সম্ভাবনার আশ্বাস মুখ্যমন্ত্রীর
প্রকাশিত পোস্টারে আলিয়াকে একটি জমকালো লাল সিকুইন কো-অর্ড ড্রেস ও থাই-হাই স্লিট স্কার্টে দেখা গেছে। মাথায় রয়েছে লাল পালকের তৈরি একটি চমৎকার হেডগিয়ার এবং ব্যাকগ্রাউন্ডে জ্বলছে একাধিক স্পটলাইট। পুরো পরিবেশটাই সত্তর বা আশির দশকের বলিউডের সেই বিখ্যাত ক্যাবারে গান এবং কিংবদন্তি ড্যান্সার হেলেনের জাদুকরী পারফরম্যান্সের নস্টালজিয়াকে মনে করিয়ে দেয়। আত্মবিশ্বাসী ভঙ্গি আর তীক্ষ্ণ চাহনিতে আলিয়া যেন একাই পুরো মঞ্চের দখল নিয়েছেন।
আরও পড়ুন: টলিউডে ধামাকা! দেবের ‘কিশোরী’ এবার জিতের নায়িকা
বৃহস্পতিবারই এই ছবির ট্রেলার ও রণবীর কাপুরের ফার্স্ট লুক সামনে এনেছিলেন নির্মাতারা। সেখানে রণবীরকে দেখা গিয়েছিল গোঁফ এবং চোখে চশমা পরা এক ভিন্ন রেট্রো স্টাইলে, যার এক হাতে আবার ছিল রক্তের দাগ। এর ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যে আলিয়ার এই ক্যাবারে ক্যুইন রূপ দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ‘রাজি’ সিনেমার পর ভিকি কৌশলের সঙ্গে এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর পর স্বামী রণবীর কাপুরের সঙ্গে এটি আলিয়ার অন্যতম বড় কোলাবোরেশন।
আগামী ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। গাঙ্গুবাঈয়ের সেই গাম্ভীর্য ঝেড়ে ফেলে বনশালির ক্যানভাসে আলিয়ার এই গ্ল্যামারাস রূপ রুপোলি পর্দায় কতটা আগুন জ্বালাতে পারে, এখন সেটাই দেখার।
















