প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৬ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। গত প্রায় ১৫ দিন ধরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি সিনেমা ও টেলিভিশনে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশতাক। ‘আশিকি’, ‘হম হ্যায় রাহী প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জোড়ি নম্বর ওয়ান’, ‘ওয়েলকাম’, ‘গদর’, ‘গদর ২’, ‘স্ত্রী ২’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পার্শ্বচরিত্র হলেও তাঁর স্বতন্ত্র অভিনয়ভঙ্গি এবং হাস্যরসের সময়জ্ঞান দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।
তবে দর্শকের কাছে মুশতাক খান সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন ‘ওয়েলকাম’-এর বালু চরিত্রের জন্য। ২০০৭ সালের এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের ‘মেরি এক টাং নকলি হ্যায়’ সংলাপটি পরবর্তীকালে সমাজমাধ্যমে বারবার ফিরে এসেছে। ছবির মুক্তির বহু বছর পরেও সেই দৃশ্য ও সংলাপ দর্শকদের কাছে হাসির অন্যতম জনপ্রিয় উপাদান হয়ে রয়েছে।
শুধু কমেডি নয়, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন মুশতাক। বড়পর্দার পাশাপাশি টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করেছেন। ‘কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি’-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে। সিনেমা, টেলিভিশন এবং মঞ্চ—বিনোদনের একাধিক মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।
জীবনের শেষ দিকেও অভিনয় থেকে দূরে সরে যাননি মুশতাক। ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো সাম্প্রতিক ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। দীর্ঘ অভিনয়জীবনে কখনও কমেডি, কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র—নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। তাঁর আকস্মিক প্রয়াণে প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
















