রাজ্যে সরকার গঠন করার পাঁচ মাস সম্পূর্ণ হওয়ার আগেই বিজেপি (BJP) বিধায়কদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দমদম পার্কের সভায় যেভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় এবং রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়ক পীযুষ কানোরিয়া বাক-যুদ্ধে জড়িয়ে পড়লেন তা এই মুহূর্তে বিজেপি শিবিরের বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে পদ্ম দলের অন্তরে বাড়ছে সংঘাত।
কী ঘটেছিল?
দমদম পার্কে জনসংযোগ অনুষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে আচমকা পৌঁছে যান পীযুষ। বিজেপির একটা অংশ বলছে শারদ্বত রাজারহাট নিউটাউনের বিধায়ককে মঞ্চে আসার আমন্ত্রণ জানালেও তিনি তা গ্রহণ করেননি। উল্টে তাঁর অনুগামীরা মঞ্চে উপস্থিত কয়েকজনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। এরপরই শারদ্বত অনুগামী এবং পীযুষের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে রাজারহাট নিউটাউনের বিধায়কের হাত টেনে মঞ্চে তোলেন, কিন্তু ততক্ষণে দুই বিজেপি বিধায়কের মতভেদের ছবিটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। আর এই ঘটনায় মঞ্চ ও মঞ্চের বাইরে দুই নেতার মন্তব্য দলের অভ্যন্তরীণ সংঘাত আর ক্ষোভকে আরও বেশি স্পষ্ট করে তুলেছে।
স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে কিছুটা আত্মসমালোচনার সুরে বলেন, 'ভয় আউট ভরসা ইন' এখনও সম্পূর্ণ হয়নি। সমাজে তোলাবাজি বন্ধ হয়েছে এ কথাও মানতে নারাজ শারদ্বত। পীযূষ বলেন, দমদম পার্ক তাঁর এলাকা। সেখানে তিনি সন্ত্রাস বা অন্যায় বরদাস্ত করবেন না। যদি কেউ এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে। রাজ্যে সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই দুই প্রভাবশালী বিধায়কের মতবিরোধ ঘিরে তুমুল চাপে শাসকদল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, বিজেপির অভ্যন্তরে যে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ দিচ্ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
















