মুক্তি এখনও অনেক দেরি। কিন্তু তার আগেই রেকর্ড গড়ল ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির ৮০০ কোটি বাজেটের ছবি ‘রাকা’। সাধারণত বক্স অফিসে ঝড় তুলে কিংবা মুক্তির পর একের পর এক রেকর্ড ভাঙে সিনেমা। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখার আগেই বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস লিখল এই প্যান-ইন্ডিয়া ছবি। কিন্তু কী এমন করল এই ছবি যার জন্য রেকর্ড গড়ল, এই নিয়েই তোলপাড় নেটপাড়া।
আরও পড়ুন: চলে গেলেন রানির জীবনের আসল ‘কুইন’! কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং তামিল হিটমেকার পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামা ‘রাকা’ (RAAKA)। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও, মুক্তির প্রায় এক বছর আগেই বিশ্বমঞ্চে বাজিমাত করে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ (Guinness World Records) নাম তুলে নিয়েছে এই মেগাবাজেট ছবি। ‘রাকা’ সিনেমাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে “রিয়েল-টাইমে সবচেয়ে বেশি মানুষের মোশন-ক্যাপচার” (Most People Motion-Captured in Real-Time) করার জন্য। ছবিটির একটি বিশেষ সিকোয়েন্সের জন্য একই সময়ে, একই সেশনে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন-ক্যাপচার করা হয়েছে। এর আগে বিশ্ব চলচ্চিত্রে একসঙ্গে এতজন শিল্পীর পারফরম্যান্স রিয়েল-টাইমে প্রযুক্তির মাধ্যমে ধারণ করার নজির আর নেই। ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর মুম্বাইতে এই অবিশ্বাস্য দৃশ্যটি করা হয় এবং সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন: টাটা গোষ্ঠীকে রক্ষা করা জরুরি: চেয়ারম্যান পদ নিয়ে জটিলতায় মন্তব্য পাওয়ারের
পরিচালক অ্যাটলির ৪০তম জন্মদিন উপলক্ষে নির্মাতারা এই বিশেষ ঘোষণাটি সামনে আনেন এবং একটি ‘বিহাইন্ড দ্য সিন’ (BTS) ভিডিও প্রকাশ করেন। এই অসাধ্য সাধনের জন্য কোনও আপস করেননি নির্মাতারা। ছবিতে হলিউড স্তরের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। টেকনিক্যাল টিম জানিয়েছে, সিগন্যাল লস বা কোন ত্রুটি ছাড়াই একসঙ্গে ৩৭ জনের নিখুঁত ডেটা ধারণ করতে ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা এবং রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশনের জন্য উন্নত আনরিয়েল ইঞ্জিন (Unreal Engine) ব্যবহার করা হয়েছে, যা হলিউডকেও টেক্কা দেবার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: পাশে স্ত্রী-কন্যা, তবুও পূজার ওড়না! কিং খানের ভাইরাল ভিডিওতে তোলপাড় নেটপাড়া
পরিচালক অ্যাটলি জানান, ভারতে বড় পরিসরে কাজ করার মতো পর্যাপ্ত মোশন ক্যাপচার স্টেশন না থাকায় তিনি প্রযোজক কালানিথি মারানের সঙ্গে কথা বলেন। এরপর সরাসরি আমেরিকার লস অ্যাঞ্জেলেস (LA) থেকে সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম এনে নিজস্ব সেটআপ তৈরি করা হয়।
এই বিশ্বজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল্লু পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মাথায় একটা বড় আইডিয়া বা ভাবনা থাকা এক জিনিস, কিন্তু সেটাকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রচণ্ড পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হয়। আমাদের টিম সেটাই করে দেখিয়েছে।” অন্যদিকে ছবির গীতিকার বিবেক মন্তব্য করেছেন, এমন বিশাল ও জটিল পরিসরের কাজ সাধারণত কেবল হলিউড সিনেমাতেই দেখা যায়।
আরও পড়ুন: IPL: দলে জুয়াড়ির চর! ফের গড়াপেটা বিতর্কে নাম জড়াল চেন্নাই সুপার কিংসের
আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে আছেন, মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর, রশ্মিকা মান্দানা। অ্যাটলি জানিয়েছেন, এই গল্পটি দীর্ঘ ১৮ বছর ধরে তিনি নিজের মনে লালন করছেন। ৮০০ কোটির এই ছবিতে সংগীত পরিচালনা করছেন সাঁই অভয়ঙ্কর। গত ৮ এপ্রিল অভিনেতার জন্মদিনে ‘রাকা’র প্রথম লুক প্রকাশ পেয়েছিল, যেখানে দেখা গেছে ন্যাড়া মাথা, চোখে মোটা কাজল, হাতে পশুর মতো নখ। যা বেশ সাড়া ফেলে। আর এবার মুক্তির আগেই গিনেস রেকর্ডের এই তকমা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে এক লাফে অনেকখানি এগিয়ে নিয়ে গেল। এখন সিনেমাটি বড় পর্দায় দেখার জন্য দর্শকদের প্রতীক্ষা আরও বহুগুণ বেড়ে গেল বলেই আশা করছে ‘রাকা’র গোটা টিম।
















