ফের বিতর্কে চেন্নাই সুপার কিংস(CSK)। গড়াপেটা বিতর্কে জড়িয়ে আইপিএল(IPL) থেকে সাসপেন্ড করা হতে হয়েছিল সিএসকে দলকে। কিন্তু গড়াপেটা বিতর্ক পিছু ছাড়ছে না চেন্নাইকে। এবার প্রাক্তন ক্রিকেটারের স্টিং অপারেশনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, নাগাল্যান্ডের হয়ে রঞ্জি খেলা রচিত ভাটিয়ার উপর স্টিং অপারেশন চালান এক সাংবাদিক। সেই ভিডিও-তেই (ভিডিও-র সত্যতা যাচাই করেননি বিশ্ব বাংলা সংবাদ) উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক নিজেকে জুয়াড়ি হিসাবে পরিচয় দিয়ে দেখা করেছিলেন রচিতের সঙ্গে।
সাংবাদিকের সঙ্গে রচিত সাফ কথা বার্তায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। রচিত দাবি করেছেন, টসের অনেক আগেই তিনি সিএসকের দলের প্রথম একাদশের তালিকা পেয়ে যেতেন। সেই তালিকা স্ন্যাপচ্যাটের মাধ্যমে লন্ডনে থাকা জুয়াড়িদের কাছে পাঠিয়ে দিতেন রচিত। প্রতিবার দলের প্রথম একাদশের তালিকা পিছু ৬০ লক্ষ টাকা দরও হাঁকতেন তিনি। ২০২৫ আইপিএলের পাঁচটি ম্যাচের টিমলিস্ট এভাবেই বিক্রি করেছেন। চেন্নাই দলে বংশী নামে এক ক্রিকেটার ছিলেন সে রচিতকে সব তথ্য সরবরাহ করতেন।
এমনকি আইপিএলে ম্যাচের সময় গড়াপেটারও চেষ্টা করেন বলে রচিত দাবি করেছেন। নাগাল্যান্ডের রঞ্জি ক্রিকেটারের তথ্য অনুসারে, ২০২৬ সালে ম্যাচ পিছু গড়াপেটার জন্য ১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু সিএসকে দলে তাঁর কোনও চর না থাকায় গড়াপেটায় অংশ নিতে পারেননি। রচিতের দাবি, তাঁর ‘চর’ খেলতে নামেন দিল্লি প্রিমিয়ার লিগে। সেই লিগে গড়াপেটার ব্যবসা চালিয়েছেন রচিত। স্রেফ টিম লিস্ট নয়, ম্যাচের সময়কার নানা ঘটনাও ৯০ শতাংশ ক্ষেত্রেও মিলিয়ে দিয়েছেন বলে তাঁর দাবি। রান আউট, মন্থর ব্যাটিং-রচিতের কথামতো সমস্তই করেছে তাঁর ‘চর’। বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই দিল্লির ক্রিকেট সংস্থা বিবৃতি দিয়েছে, তদন্তের জন্য বিসিসিআইয়ের সাহায্য়ও চেয়েছে।
















