বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর নেই। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর দুপুরে ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বভাবতই শোকের ছায়া মুখোপাধ্যায় পরিবারে। রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: পাশে স্ত্রী-কন্যা, তবুও পূজার ওড়না! কিং খানের ভাইরাল ভিডিওতে তোলপাড় নেটপাড়া

যশ রাজ ফিল্মসের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। শোকের এই মুহূর্তে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।” 

আরও পড়ুন: হাইকোর্টে খারিজ টুলুর রক্ষাকবচের আর্জি

সাধারণ মানুষের কাছে কৃষ্ণা মুখোপাধ্যায় মূলত ‘রানি মুখোপাধ্যায়ের মা’ হিসেবে পরিচিত হলেও, বিনোদন জগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সুদীর্ঘ। তিনি পেশাগতভাবে একজন শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত প্লেব্যাক গায়িকা ছিলেন এবং বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। বিশেষ করে ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ ছবির একটি জনপ্রিয় গানে তাঁর কণ্ঠ শ্রোতারা মনে রেখেছেন। প্রখ্যাত পরিচালক ও ‘ফিল্মালয়া স্টুডিওজ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা রাম মুখোপাধ্যায় ছিলেন তাঁর স্বামী, যিনি ২০১৭ সালে প্রয়াত হন। এ ছাড়া কৃষ্ণা মুখোপাধ্যায় ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়ের মেজ দিদি। তিনি কাজলের কাকিমাও ছিলেন। 

আরও পড়ুন: ৬ স্তবক গাওয়া বাধ্যতামূলক! ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় সুপ্রিম তলব

মায়ের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের আত্মিক টান ছিল প্রবাদপ্রতিম। বিভিন্ন সাক্ষাৎকারে রানি অকপটে স্বীকার করেছেন যে, তাঁর অভিনেত্রী হওয়ার পেছনে মূল অবদান ছিল তাঁর মায়েরই। রানি নিজে কখনও অভিনয়ে আসতে চাননি, কিন্তু মায়ের ইচ্ছাকে মান্যতা দিতেই তিনি রূপোলি পর্দায় পা রাখেন এবং পরবর্তীতে বলিউডের ‘কুইন’ হয়ে ওঠেন। এমনকি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রানির প্রশংসিত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে একজন বাঙালি মায়ের লড়াইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি নিজের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের থেকেই অনুপ্রেরণা নিয়েছিলেন।

আরও পড়ুন: অনিচ্ছুক স্কুলগুলিকে 'নমো গাথা'য় জোর? রাজ্যের শিক্ষা দফতরের নির্দেশিকা ঘিরে জোর জল্পনা

মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজো থেকে শুরু করে মেয়ের ক্যারিয়ারের প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ে কৃষ্ণা দেবী সবসময় ছায়ার মতো রানির পাশে থেকেছেন। তাঁর এই আকস্মিক প্রস্থানে মুখোপাধ্যায় ও চোপড়া পরিবারে যেমন গভীর শোকের ছায়া নেমে এসেছে, তেমনই সমবেদনা জানিয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই সন্তান— রানি মুখোপাধ্যায় ও পরিচালক রাজা মুখোপাধ্যায়কে।