বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal) রক্ষাকবচের আর্জি সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয় গত ১৪ সেপ্টেম্বর নিম্ন আদালত টুলুকে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু ২৩ মে থেকেই তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। জামিন অযোগ্য অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ পাথর ব্যবসায়ীর রক্ষা কবজের মামলা খারিজ করে দেওয়ায় বিপাকে টুলু ওরফে নিজাবউদ্দিন মণ্ডল। 

এদিনের শুনানিতে অপরাধের মাত্রা কতটা গুরুতর সেই প্রসঙ্গে বলতে গিয়ে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ উঠে আসে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন অভিযুক্ত দেশের বাইরে চলে গিয়েছেন এমন সন্দেহের বশেও ওয়ারেন্ট ইস্যু করা যায়। মামলাকারীর আইনজীবী সিদ্ধার্থ বলেন ম্যাজিস্ট্রেটের কাছে যেতে তাদের আপত্তি নেই তবে গ্রেফতারি এড়াতে টুলুর রক্ষাকবচ দরকার। রাজ্যের তরফ থেকে মঙ্গলবার মুখবন্ধ খামে পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে যে তদন্ত চলছে তার রিপোর্ট জমা দেওয়া হয়। তাও খতিয়ে দেখেন বিচারপতি। 

অভিযুক্ত পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে ২৮ কেজি নগদ ১৫ কেজি সোনা উদ্ধারের পাশাপাশি ২৪২ টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। টুলুর খোঁজে রাজ্যজুড়ে পুলিশ এবং স্পেশাল টাচ ফোর্স মিলে চিরুনি তল্লাশি চালিয়েছে। কার্যত অগাস্ট মাস থেকেই তিনি রাজ্যের বাইরে গা ঢাকা দিয়েছেন বলে সূত্রের খবর। পুলিশের গ্রেফতারি এড়াতে এবার অভিযুক্তের রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যাওয়ায় সমস্যা বাড়ল টুলুর। অভিযুক্তের বিপুল কালো টাকার উৎস খুঁজতে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।