টাটা গোষ্ঠীর অন্দরের দ্বন্দ্ব এ বার আরও জোরালো। টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের (N Chandrasekaran) পুনর্নিয়োগ নিয়ে টাটা ট্রাস্ট (Tata Trust) এবং টাটা সন্সের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন এনসিপি (SP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)। তাঁর বক্তব্য, টাটা গোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য ও কাঠামো রক্ষা করে আলোচনার মাধ্যমে এই জটিলতার সমাধান করা প্রয়োজন।

 

 

মঙ্গলবার সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে টাটা গোষ্ঠীর মালিকানা কাঠামোর বিষয়টি সামনে আনেন পাওয়ার। তিনি লেখেন, “টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ মালিকানা টাটা ট্রাস্টগুলির হাতে। এটি শুধুমাত্র একটি সাধারণ শেয়ার মালিকানার বিষয় নয়। টাটা গোষ্ঠীর দীর্ঘদিনের পরিচালন কাঠামো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও এই মালিকানার সম্পর্ক রয়েছে। টাটা ট্রাস্টের মাধ্যমে গোষ্ঠীর ব্যবসা থেকে আসা সম্পদের একটি বড় অংশ স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা এবং গ্রামীণ উন্নয়নের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়।” টাটা মেমোরিয়াল হাসপাতাল, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের মতো প্রতিষ্ঠানগুলির প্রসঙ্গও তুলে ধরেছেন পাওয়ার। পাওয়ারের বক্তব্য, “ট্রাস্টের ভূমিকা বা অধিকার নিয়ে কোনও পরিবর্তন করতে হলে এই দীর্ঘদিনের কাঠামোর বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।”

আরও পড়ুন: হিন্দু বিদ্বেষ! টেক্সাসে হনুমান মূর্তি ভাঙার দাবি মার্কিন ইউটিউবারের, প্রতিবাদে সরব ইন্দো-আমেরিকানরা

কেন এই বিতর্ক? টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে কেন্দ্র করেই সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত। ১৭ সেপ্টেম্বর টাটা সন্সের পরিচালন পর্ষদ চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয়। তাঁর নতুন মেয়াদ শুরু হওয়ার কথা ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে। একই বৈঠকে টাটা সন্সকে ভবিষ্যতে শেয়ারবাজারে নথিভুক্ত করার সম্ভাবনা নিয়েও এগোনোর সিদ্ধান্ত হয়। কিন্তু এই দুই সিদ্ধান্তেই আপত্তি জানান টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা (Noel Tata)।

 ট্রাস্টের অন্য মনোনীত পরিচালক ভেনু শ্রীনিবাসন অবশ্য চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের পক্ষে ভোট দেন। এরপরই চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে টাটা ট্রাস্ট। ট্রাস্টের বক্তব্য, টাটা সন্সের সংস্থার নিয়মাবলিতে চেয়ারম্যান নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে ট্রাস্টের মনোনীত পরিচালকদের নির্দিষ্ট সমর্থনের প্রয়োজন রয়েছে। নোয়েল টাটা প্রস্তাবের বিরোধিতা করায় সেই শর্ত পূরণ হয়েছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে মূল বিতর্ক। ফলে বিষয়টি এখন শুধুমাত্র চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের প্রশ্নে সীমাবদ্ধ নেই টাটা সন্সের পরিচালন কাঠামো এবং টাটা ট্রাস্টের অধিকারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।