বিরতি কাটিয়ে ভারতীয় বিনোদন জগতের রোমান্স রাজা অ্যাকশন 'কিং' (King) অবতারে বড়পর্দায় ধরা দেওয়ার আগেই চিন্তার ভ্রুকুটি শাহরুখ খানের (SRK) কপালে। হিসেব বলছে, এক বছরে প্রায় আড়াই হাজার কোটির লোকশানের জেরে এসআরকে-র ক্যাশ বাক্সে নাকি টান পড়েছে! সত্যি কি তাই? মায়ানগরীর ধনকুবেরের এমন অবস্থার কারণ কী?

টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে যে গত এক বছরে নাকি হুড়মুড়িয়ে কমেছে শাহরুখের সম্পত্তির পরিমাণ। বিশ্বজুড়ে পাহাড়সম স্টারডমের পাশাপাশি ভারতীয় সিনে জগতের মেগাস্টারের আর্থিক সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে ওঠা ছাড়া অন্য কোনও উপায় নেই। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক শাহরুখের উপার্জন শুধু সিনেমা ঘিরে নয়। দেশ বিদেশের তরুণী মনে হিল্লোল তোলা ভারতীয় সিনেজগতের মেগাস্টারের ব্যবসায়িক ও বিনিয়োগ স্ট্র্যাটেজিও নজরকাড়া। তা সে খেলার মাঠেই হোক বা বিজ্ঞাপন জগতের সৌজন্যে কিংবা সিনেমা তৈরির নেপথ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে গত এক বছরই এমন কী হল যে কারণে আড়াই হাজার কোটি টাকার লোকসানের মুখোমুখি হলেন বলিউড বাদশা!

চলতি বছরের ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এর হিসেবে নিকেশ বলছে কিং অফ রোমান্সের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালে এই সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি টাকা। এর মধ্যে অবশ্যই শাহরুখের সিনেমা ও বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ এবং ‘নাইট রাইডার্স স্পোর্টস’ টিমের মতো বিভিন্ন ব্যবসা থেকে আসা আয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তাই সম্পত্তি কমল কেন, কৌতুহল অনুরাগীদের মধ্যে। ২০২৩ সালে একই বছরে তিনটে সিনেমা মুক্তির পর প্রায় তিন বছর বড়পর্দায় দেখা যায়নি শাহরুখকে। চলতি বছর ডিসেম্বরে তাঁর 'কিং' (King) মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত কয়েক বছরে দক্ষিণী সিনেমার দাপটে বলিউডের বক্স অফিস রাজত্ব যেভাবে কোণঠাসা তাতে শাহরুখের মেগা বাজেট আগামী প্রজেক্ট নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত বাদশার অনুরাগীরা। যদিও 'পদ্মশ্রী' অভিনেতার ব্যবসায়িক স্ট্র্যাটেজি নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই। তবে আড়াই হাজার কোটি লোকশানের নেপথ্যে ঠিক কোন কোন কারণ রয়েছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি এতকিছুর পরেও শাহরুখ দেশের সবচেয়ে ধনী তারকার খেতাব হারাননি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। SRK অনুরাগীরা মনে করছেন, বাদশার ক্যাশবাক্সে ফের লক্ষ্মী উপচে পড়া সময়ের অপেক্ষা মাত্র। 'কিং' (King) অবতারেই বলিউড রাজত্বের সিংহাসনে ফের বসতে চলেছেন শাহরুখ।

















