বিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক অনিয়মের অভিযোগে শহর কলকাতায় ফের ED-র তল্লাশি অভিযান। বুধবার সকাল থেকে নিউ আলিপুর ও বালিগঞ্জের একাধিক স্থানে পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ED) আধিকারিকরা। দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা যাবতীয় নথিপত্র ও আর্থিক লেনদেনের হিসেব খতিয়ে দেখছেন। কলকাতার পাশাপাশি বেঙ্গালুরুতেও তল্লাশি অভিযান চলছে বলে খবর মিলেছে।
প্রায় ২৬৮ কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে নেমে এদিন বালিগঞ্জ সার্কুলার রোডের ভিলা ফিফটি নাইন এ ঠিকানায় এদিন সাতসকালে পৌঁছে যান কেন্দ্রীয় আধিকারিকরা। বৈদেশিক মুদ্রা বিনিময়ের নামে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। কোথা থেকে টাকা এলো এবং ঘুর পথে কোথায় কোথায় তা ব্যবহার করা হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।নিউ আলিপুর ও বালিগঞ্জে কেন্দ্রীয় এজেন্সির হানায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করার কথা জানায়নি কেন্দ্রীয় সংস্থা।
দিন কয়েক আগেই নারকেলডাঙ্গা নেতাজি নগর রবীন্দ্র সরোবর এর মত কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ছটি জায়গায় ED তল্লাশি চালায়। নারকেলডাঙ্গার ব্যবসায়ী জব্বর মোল্লার বিরুদ্ধে চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলার মূল অনুঘটক হিসেবে কাজ করার অভিযোগ ছিল। পরবর্তীতে চিটফান্ড জালিয়াতির সেই অর্থ বিভিন্ন রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয়েছিল বলে অভিযোগ দায়ের হয়। সেই নিয়ে চলে তল্লাশি অভিযান। বিপুল পরিমাণ নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।
















