জন্মদাত্রীকে হারিয়েছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) । শোকাহত অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তাঁর বন্ধু তথা সতীর্থ শাহরুখ খান (Shahrukh Khan)। ভগ্নহৃদয়ে কৃষ্ণা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে শ্মশানে ছুটে গেলেন বলিউড সুপারস্টার। বাস্তবেও টিনা-রাহুলের বন্ধুত্বে আবেগঘন নেটপাড়া।
বিনোদন জগতের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। উৎসবের মরসুম শুরুর আগেই বাঙালির কাছে এল দুঃসংবাদ, ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন বঙ্গতনয়া মিঠু মুখোপাধ্যায়। সোমবারের এই ধাক্কা সামলে ওঠার আগেই মঙ্গলে মুম্বাইয়ের আরেক মুখোপাধ্যায় পরিবারে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিলেন রানির মা। শোকাহত বলিউডের বাবলির পাশে থেকে প্রিয়জন থেকে সতীর্থরা সমবেদনা জানিয়েছেন। তবে অনুরাগীদের নজরে সব থেকে বেশি করে যে দৃশ্য ধরা দিয়েছে তাহলে শাহরুখ- রানির বন্ধুত্বের সমীকরণ। বড় পর্দার পাশাপাশি যখনই ছোটখাটো সাক্ষাৎকারে দুজনে একসঙ্গে ধরা দিয়েছেন তখনই বোঝা গিয়েছে তাঁরা একে অন্যের সঙ্গে কতটা স্বচ্ছন্দ। এবার প্রিয় বন্ধুর দুঃসময়ে ব্যস্ত সিডিউল ফেলে ছুটে গেলেন শাহরুখ। সঙ্গে গেলেন গৌরীও।
মুখোপাধ্যায় পরিবারের বর্ষীয়ান সদস্যার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য করণ জোহর, আলিয়া ভাট, অনিল কাপুর-সহ একাধিক সেলেবরা জড়ো হন। মঙ্গলবার বিকেল নাগাদ জুহুর পবন হংস শ্মশানে কৃষ্ণা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেই সস্ত্রীক উপস্থিত ছিলেন বলিউড বাদশা। রানীর সঙ্গে শাহরুখের বন্ধুত্বের সম্পর্ক প্রায় দু দশকের বেশি। গৌরী নিজেও মুখোপাধ্যায় ও চোপড়া পরিবারের ঘনিষ্ঠ। শাহরুখ ও তাঁর স্ত্রী যেভাবে রানির পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছেন তাতে মুগ্ধ নেট পাড়া।
















