বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বুধবার রাতেই স্থলভাগে ঢুকতে চলেছে, এমনই আভাস দিলো হাওয়া অফিস। যার জেরে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। অর্ণব ঘূর্ণিঝড় তৈরি না হলেও নিম্নচাপ যেভাবে শক্তি বাড়িয়েছে তাতে আগামী দু থেকে তিন দিন জেলায় জেলায় বৃষ্টির দাপট চলবে, সতর্ক করলো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। 

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে দুর্যোগের অভিমুখ বাংলার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে। ফলে বাংলার স্থলভাগে সরাসরি প্রবেশ করার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী চার দিন দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বীরভূম এবং হাওড়াতেও বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে নামতে বারণ করা হয়েছে পর্যটকদের। 

উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ আজ রাতেই বিশাখাপত্তনাম ও গোপালপুরের মধ্যে দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করবে নিম্নচাপ।