আসন্ন পুরভোটের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশনকে ৪০ হাজারেরও বেশি নতুন EVM ইউনিট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) কাছ থেকে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় এই ইভিএম ইউনিট চাওয়া হয়েছিল। সেই মোতাবেক ২১ হাজার ১৮৪টি ব্যালট ইউনিট এবং ১৯ হাজার ৫৬৪টি কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

পুরভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও প্রস্তুতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে ইভিএম সংগ্রহের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সূত্রের খবর, পুজোর ছুটির পরেই নির্ঘণ্ট ঘোষণা হবে। নভেম্বরের শেষ সপ্তাহেই হবে ভোটগ্রহণ। কমিশনের এক কর্তার কথায়, ভোট পরিচালনার অন্যতম প্রধান শর্ত পর্যাপ্ত ইভিএমের প্রাপ্যতা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে এই মেশিনগুলি আনা হয়েছে।

কমিশন সূত্রে খবর, রাজ্যে পৌঁছনো সমস্ত ইভিএম নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হবে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে প্রতিটি মেশিনের প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। এরপর জেলার চাহিদা অনুযায়ী ইভিএম বণ্টন, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং ভোটগ্রহণের প্রস্তুতির কাজ শুরু হবে।

প্রশাসনিক মহলের মতে, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বিপুল সংখ্যক ইভিএম হাতে পাওয়া পুরভোটের প্রস্তুতিকে অনেকটাই এগিয়ে দিল। কমিশনের লক্ষ্য, আগেভাগেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা।