নিম্নচাপের বৃষ্টির মাঝেই বৃহস্পতিবার বিকেলে আকস্মিক এক ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকল ঝাড়গ্রামের সাঁকরাইল এলাকা। ক্ষণিকের এই ঝড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সাঁকরাইল ব্লকের চুনপাড়া, প্রতাপপুর ও টুঙাধোয়া গ্রামের উপর দিয়ে আচমকা একটি ছোট আকারের ঘূর্ণাবর্ত বা মিনি টর্নেডোর মতো ঝড় বয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশের কালো মেঘের সঙ্গে পাক খেতে খেতে নেমে আসা ওই ঝড়টি কয়েক মুহূর্তের জন্য স্থায়ী ছিল। কিছুক্ষণের মধ্যেই তা আবার বাতাসে মিলিয়ে যায়।
ঝড়টি বেশিক্ষণ না থাকায় বড় ধরনের কোনও বিপর্যয় ঘটেনি। তবে ঝড়ের দাপটে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু গাছের ডালপালা ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দা গন্ধেশ্বর মাহাতো বলেন, ‘কালো মেঘের মধ্য দিয়ে ছোট আকারের ঘূর্ণিঝড়টি আমাদের এই এলাকার উপর দিয়ে বয়ে যায়। কিছু সময়ের মধ্যেই ঘূর্ণিঝড়টি হারিয়ে যায়। ঘূর্ণিঝড়ের দাপটে বড় কিছু ক্ষতি না হলেও কয়েকটি গাছের ডালপালা ভেঙেছে।’ ক্ষণিকের এই প্রাকৃতিক ঘটনার রেশ কাটতেই এলাকায় স্বস্তি ফিরেছে।
















