নৌকা বাইচ প্রতিযোগিতায় আনন্দের মাঝেই হঠাৎ ঘটে গেল এক ভয়াবহ অঘটন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে আয়োজন করা হয়েছিল একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। কিন্তু প্রতিযোগিতা চলাকালীন হঠাৎই প্রকৃতির রুদ্ররূপে বদলে যায় খেলার চেনা ছন্দ। বিদ্যাধরী নদীর প্রবল ঢেউয়ের ধাক্কায় মাঝনদীতে আচমকা উল্টে যায় একটি প্রতিযোগী নৌকা। জলের তোড়ে হাবুডুবু খেতে শুরু করেন নৌকায় থাকা প্রায় ২০ জন প্রতিযোগী।

আরও পড়ুন: SIR-এ বাংলার জন্যে কড়া সিদ্ধান্ত! জ্ঞানেশ কুমারকে জবাব দিতে হবে: পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ফাঁস করে দাবি অভিষেকের

নৌকা বাইচ দেখতে গিয়ে তখন উত্তেজনায় টানটান পরিবেশ। নদীর বুক চিরে ছুটছিল নৌকা, প্রতিযোগীদের লক্ষ্য একটাই—সবার আগে গন্তব্যে পৌঁছনো। কিন্তু আচমকাই যেন বদলে গেল খেলার নিয়ম! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে আয়োজন করা হয়েছিল নৌকা বাইচ প্রতিযোগিতার। প্রতিযোগিতা চলাকালীন আচমকাই নদীতে ঢেউ বাড়তে শুরু করে। ঢেউয়ের ধাক্কায় একটি নৌকায় জল ঢুকে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ভারসাম্য হারিয়ে মাঝনদীতে উল্টে যায় নৌকাটি। নৌকাটি উল্টে যাওয়ামাত্রই তাতে সওয়ার প্রায় ২০ জন প্রতিযোগী উত্তাল নদীর ঠান্ডা জলে পড়ে যান। মাঝনদীর প্রবল স্রোতে তাঁরা রীতিমতো হাবুডুবু খেতে শুরু করেন এবং প্রাণ বাঁচাতে সাঁতরে ভেসে থাকার আপ্রাণ চেষ্টা চালান। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শত শত দর্শকের মধ্যে এই দৃশ্য দেখে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মুহূর্তের মধ্যেই গোটা পরিস্থিতি কার্যত হইচইয়ে পরিণত হয়।

আরও পড়ুন: ভবিষ্যতের জন্য ‘এগ ফ্রিজিং’! ছকভাঙা পথে হাঁটলেন সাহসী রাইমা

তবে বড় কোন বিপর্যয় ঘটার আগেই শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং বিজেপি কর্মীরা। লঞ্চ নিয়ে মাঝনদীতে গিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। একে একে জলে পড়ে যাওয়া প্রতিযোগীদের উদ্ধার করে নিরাপদে পাড়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: IFA Shiled: পিছিয়ে থেকে প্রত্যাবর্তন, জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই স্থানীয়দের দাবি। তবে নৌকা বাইচের এই ‘উল্টো খেলা’র ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তের আনন্দের প্রতিযোগিতা যে এভাবে আতঙ্কের ঘটনায় বদলে যেতে পারে, ভাইরাল সেই ভিডিওতেই তার প্রমাণ। তবে নেটিজেনরা উদ্ধারকারীদের এই অসামান্য তৎপরতা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন। এই ঘটনার পর নদীপথে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা জানানো হয়েছে।