জয় দিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের। ক্যালকাটা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল লাল হলুদ। ইস্টবেঙ্গলের গোল করলেন রোহিত কুমার, রোহিত দানু , আকাশ হেমব্রম। সৌভিক চক্রবর্তী, জেসিন টিকে ছাড়া সিনিয়র দলের ফুটবলারদের দেখা গেল না প্রথম একাদশে। কলকাতা লিগে খেলা তরুণ ফুটবলারদের নিয়ে কাস্টমসের বিরুদ্ধে নামে লাল হলুদ। 

 

 

 

 

শুরুতেই পিছিয়ে পড়ে লাল হলুদ। রিকি ঘরামির গোলে লিড নিল কাস্টমস। বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে কাট করে বক্সে ঢোকেন তিনি। ইস্টবেঙ্গলের তিন ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন। যদিও সমতায় ফিরতে খুব বেশি সময় নিলে না ইস্টবেঙ্গল।

 

 

২৯ মিনিটে কাস্টমস গোলকিপারের ভুলেই জালে জড়িয়ে গেল রোহিতের কুমারের হেড। সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে অনেক ভালো ফুটবল খেললো ইস্ট বেঙ্গল।। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিত দানু।

 

এর পর একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন জেসিন টিকে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না। এমনকি কাস্টমস গোলকিপারের সঙ্গে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও গোল করতে পারেননি জেসিন।

 

 

স্কোরশিটে নাম তুললেন আকাশ হেমব্রম।৮১ মিনিটে ৩ নম্বর গোলটি করে ইস্টবেঙ্গল। ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে বিপক্ষ ডিফেন্ডার রাহুল সোরেনকে কাটিয়ে নীচু ক্রস রাখেন বিলাল। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন আকাশ হেমব্রম।

মোহনবাগান গোল দিয়ে শিল্ড অভিযান শুরু করলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে স্বস্তির জয় পেল।