পুজোর মরশুমের আগে কলকাতায় হতে চলেছে ফুটবলের মহোৎসব। আগামী অক্টোবর মাসের শুরুতেই দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ভারতীয় ফুটবলের মক্কায়। ব্রাজিল এবং উরুগুয়ে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ খেলতে আসছে কলকাতায়। কিন্তু ভারতে খেলতে আসার আগেই তিক্ত কথাটা বলেই ফেললেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি(Carlo Ancelotti )। ভারতের ফুটবল সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন বর্ষীয়ান এই কোচ।
বর্তমানে অস্ট্রেলিয়ায় আছে ব্রাজিল দল। সেখান থেকেই ভারত সফর নিয়ে মুখ খুলেছেন ব্রাজিল কোচ। বিশ্ব ক্রমপর্যায়েও দুটি দলের আকাশ পাতাল পার্থক্য। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ১৩৮। ব্রাজিল ফিফা রাঙ্কিংয়ে আছে ৫ নম্বরে। একসময় ৯৪ নম্বরে থাকা দলের এই ভয়াবহ অধঃপতন রীতিমতো উদ্বেগজনক।
আন্সেলোত্তি বলেন, “অন্য দেশ এবং সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। ভারতে খেলাটা বেশ উত্তেজক হতে চলেছে। তবে একথা তো সত্যি যে ভালো মানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই ভারতের। আমার মনে হয় এটা সংস্কৃতিরই সমস্যা। ভারতে আসলে ফুটবলের সংস্কৃতিটাই নেই। ওরা অন্য় খেলাধুলায় অনেক বেশি ভালো।”
এখানেই থেমে থাকেননি ব্রাজিল কোচ। তিনি আরও বলেন, ভারতে একের পর এক প্রজন্ম ধরে ফুটবলার তৈরি করা বা খুঁজে আনার মতো ব্যবস্থা নেই। সেটাই গড়ে তুলতে হবে বলে মনে করছেন আন্সেলোত্তি। একইসঙ্গে তাঁর সংযোজন, 'এটা ঠিক যে বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার খুব একটা অভিজ্ঞতা ভারতের নেই। তবে তারা কীভাবে খেলে, সেটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে কখনও ভারতে আসিনি। কলকাতা যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
উল্লেখ্য, ব্রাজিল ম্যাচে দলের থাকছেন একাধিক মহাতারকা। ভিনিসিয়াসদের জন্য একাধিক বন্দোবস্ত করতে চলেছে রাজ্য সরকার। ম্যাচের আগের দিন( ২ অক্টোবর) রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাজিল দলের জন্য আয়োজন করা হচ্ছে নৈশভোজ। পাশাপাশি ম্যাচের দিন মাঠে থাকছে তাদের নিয়ে বিশ্বাস ভাবনা।
















