এশিয়ান গেমসে রোয়িংয়ের পুরুষদের ডাবল স্কালস বিভাগে ব্রোঞ্জ জিতলেন সাতনাম সিং ও সলমন খান। বৃহস্পতিবার আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় জুটি ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ড সময়ে শেষ করে তৃতীয় স্থান পেলেন এবং ব্রোঞ্জ জিতলেন। সোনা জেতে চীনের ই শুডি ও ইদে নি জুটি, আর রুপো পায় উজবেকিস্তানের পাভেল সরিন ও মেখরোজবেক মামাতকুলভ।
২০০০ মিটারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে শুরু থেকেই। প্রথম ১০০০ মিটার পর্যন্ত চিনা ও উজ়বেক জুটির পেছনে থেকে ব্যবধান কমিয়ে আনার মরিয়া চেষ্টা চালান ভারতীয় প্রতিযোগীরা। রেসের নাটকীয় মোড় আসে যখন শেষ ৫০০ মিটারের বাঁকে পৌঁছায় বোটগুলি। সেই সময় নিজেদের দক্ষতার প্রমাণ রেখে বোট চালিয়ে উজবেকিস্তানের জুটিকে কাটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন সাতনাম ও সলমন। তবে অন্তিম স্প্রিন্টে যদিও উজবেক প্রতিযোগীরা ৬ মিনিট ১০.৪৯ সেকেন্ডে ফিনিশ করে রুপো নিশ্চিত করেন। ভারতীয় জুটি ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ড সময় নিয়ে সগর্বে দেশের হয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে।
সলমনের এই সাফল্যের পথ সহজ নয়। এশিয়াডে পদক জয়ের নেপথ্যে দীর্ঘ সংগ্রাম আছে সলমনের। উত্তরপ্রদেশের আমেঠি জেলার বাসিন্দা সলমন ছোটবেলায় বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। সংসার চালানোর জন্য একটা সময় দিল্লিতে উবের চালক হিসেবে কাজ করেছেন তিনি।পরবর্তীতে এক বন্ধুর পরামর্শে সেনার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য চার মাস কঠোর পরিশ্রম করে ২০১৮ সালে যোগ দেন পুণের বোম্বে ইঞ্জিনিয়ার গ্রুপে। পরে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরই রোয়িংয়ের সঙ্গে যুক্ত হন সলমনের। এরপর নিজের প্রতিভার জোরেই ভারতীয় দলে সুযোগ পান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয়কেই শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, "আপনাদের এই সাফল্য রোয়িং খেলার জন্য প্রয়োজনীয় দলীয় সংহতি, সহনশক্তি ও নিষ্ঠারই প্রতিফলন। আপনারা দুজনেই ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুন—এই কামনাই করি।"
















