৪ অক্টোবর নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে  অজিত আগরকরের। তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। আগরকর আগেই জানিয়ে দিয়েছেন তিনি আর মুখ্য নির্বাচকের পদে থাকবেন না। ফলে নতুন কাউকে গুরুত্বপূর্ণ এই পদে বসাতে হবে বিসিসিআইকে। 

খুব দ্রুত মুখ্য নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। গোটা প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এরই মধ্যে প্রধান নির্বাচক পদের জন্য নাম ভাসছে ২ প্রাক্তন ক্রিকেটারের। 

বিসিসিআই এখনও সরকারিভাবে বিজ্ঞপ্তি দেয়নি।  কিন্তু বেসরকারিভাবে তাঁর উত্তরসূরি বাছার কাজটাও শুরু করে দিয়েছে। আগরকরের পরিবর্ত হিসাবে বিকল্প ২ জনের নাম পছন্দের তালিকায় আছেন।একজন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। অন্য়জন প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। এঁদের দু’জনের মধ্যে একজন  জাতীয় নির্বাচক প্রধান হতে পারেন।

মাঝে শোনা গিয়েছিল, আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা না-ও হতে পারে।  আগরকরকে আরও এক বছর রাখা হবে, নাকি তাঁর মেয়াদ শেষ হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রথমে দ্বিধা দ্বন্দ থাকলেও বর্তমানে  চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন বোর্ড কর্তারা।

 বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, “৪ অক্টোবরের পরেই প্রধান নির্বাচকের ফাঁকা জায়গা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিসিসিআই কোনও সিদ্ধান্ত নিলে সেটা জানিয়ে দেওয়া হবে।”
 আগরকরের আমলে বিরাট, রোহিত ,অশ্বিনরা অবসর নেন। শুভমান গিলকে টেস্ট এবং একদিনের দলে অধিনায়ক করা হয়। টি২০ ক্রিকেটে নতুন অধিনায়ক হন শ্রেয়স আইয়ার।। সম্প্রতি ভারতের দল পরিচালন সমিতির সঙ্গে নির্বাচক কমিটির তালমিল নেই। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে ক্রিকেটারদের চোট নিয়ন্ত্রণ নিয়েও বিতর্ক হয়েছে।