এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা। শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জিতলেন ভারতের কমলজিৎ এবং ইন্দেরজিৎ সিং সুরুচি। হরমনপ্রীতদের পর আবারও সোনা জয় ভারতের।কিন্তু সোনা জয়ের পথটা সহজ ছিল না কমলজিৎ-র। বড়সড় দুর্ঘটনার কবলে পড়েন, সেখান থেকে ফিরে আসেন। 

 তিন বছর আগে একটা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। অনুশীলন করে গ্রামের বাড়িতে ফিরছিলেন অটো করে। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন অটোয় থাকায় কমলজিৎ। দুই সহযাত্রীর মৃত্যু হয়। ভাঙা ফিমার বোন (উরুর হাড়) এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান। কমলজিৎকে  ভর্তি করানো হয়েছিল গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ছিলেন এক মাস। ফলে আর হাঁটতে পারবেন কিনা  তা নিয়েই সন্দেহ ছিল। কিন্তু সেখান থেকে মনের জোরকে পাথেয় করে ফিরলেন। এশিয়াডে সোনা জিতলে দেশকে গর্বিত করলেন। 

যদিও কমলজিৎ-র প্রথম প্রেম অ্যাথলেটিক্স। স্বপ্ন ছিল ফিজিক্যাল টেস্ট পাশ করে ভারতীয় সেনায় যোগ দেওয়ার। কিন্তু চোটের কারণে দৌড় ছাড়তে হয়। তবে খেলা ছাড়েননি। শুটিংয়ের দৌলতেই স্পোর্টস কোটায় বর্তমানে তিনি সেনার হাবিলদার। 

 

সুরুচি ও কমলজিত সোনা জিতেছেন এশিয়ান রেকর্ড স্কোর করে। তাদের স্কোর ৪৮৪.‌৬। শুরু থেকেই আধিপত্য বজায় রেখে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদর থেকে ৬.‌৬ পয়েন্ট এগিয়ে গিয়ে সোনা জেতেন তাঁরা। ইরান জুটি ব্রোঞ্জ জেতে ৪১৫.‌৮ পয়েন্টে। রাইফেল ইভেন্ট ভারত রুপো জেতে ১৭৬২.‌৯৪ পয়েন্ট করে। ঐশ্বর্য (‌ ৫৮৯.‌৩৪)‌ ও নীরজ (‌৫৮৮.‌৩৪)‌ ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ব্যক্তিগত ফাইনালেও জায়গা করে নেন তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে। যদিও এঁরা ব্যাক্তিগত ইভেন্টে পদক জয়ের দৌড়ে শেষপর্যন্ত ছিটকে গেছেন।

শুটিংয়ে সাফল্য অব্যাহত। রুপো এসেছে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন দলগত বিভাগে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, রুদ্রাক্ষ পাতিল, নীরজ কুমারের সৌজন্য। এর আগেও একাধিক ইভেন্টে পদক এসেছে ভারতীয় শুটারদের হাত ধরে।