পুজো মিটতেই ফের ভোটের প্রস্তুতি। নভেম্বরের শেষ সপ্তাহেই কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন (Municipality Election) হতে পারে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ভোটের (Vote) দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে কমিশনের প্রস্তুতি এবং প্রশাসনিক তৎপরতা দেখে নভেম্বরের শেষ সপ্তাহেই পুরভোট হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সূত্রের খবর, ২৭ অথবা ২৮ নভেম্বর ভোটগ্রহণ হতে পারে। ডিসেম্বরের গোড়াতেই গণনা এবং ৭ ডিসেম্বরের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। 

আরও পড়ুন: দলবদলুদের শিবিরে ভাঙন! 'দুর্নীতিগ্রস্ত' মদন-ফিরহাদদের সঙ্গে থাকতে চান না কাকলি, পোস্ট পুত্র বৈদ্যনাথের

সূত্রের খবর, কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং—এই সাতটি পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের মধ্যেই পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। সেই মতো প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা কমিশনের। সেখানে ভোটের প্রস্তুতি, বুথ, ইভিএম-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আগামী সপ্তাহ থেকেই বিভিন্ন জেলায় ইভিএম পাঠানোর কাজ শুরু হতে পারে বলেও খবর। 

পুরভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “বিজ্ঞপ্তি জারি হলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ডিলিমিটেশন নিয়ে দলের বক্তব্য ইতিমধ্যেই জানানো হয়েছে। নিয়ম মেনে নির্বাচন হলে তৃণমূল লড়াইয়ের জন্য প্রস্তুত।” অন্যদিকে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত সরকার জানান, “যে কোনও সময় নির্বাচন হোক, দল প্রস্তুত। পুরসভা নির্বাচনেও মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়া হবে। রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে বিজেপি যে পরিকল্পনা করছে, পুরভোটে তার প্রতিফলন দেখা যাবে।” অর্থাৎ, পুজোর পরই রাজ্যে ফের ভোটের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা। এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির দিকে। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই স্পষ্ট হবে কোন কোন পুরসভায়, ঠিক কবে ভোট এবং কবে হবে গণনা।