“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) 'ট্রিলিয়ন ডলার' অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য। আর সেই উত্থানের কেন্দ্রে থাকবে পশ্চিমবঙ্গ (West Bengal)।” বৃহস্পতিবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (ICC)-র ৯৮তম বার্ষিক অধিবেশনে এমনই মন্তব্য করলেন আদানি গোষ্ঠীর (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) ।

আরও পড়ুন: নামে 'মন্দির' থাকলে, বিনামূল্যে চিকিৎসা হোক: আদানির হাসপাতাল নিয়ে বড় দাবি কুণালের

আদানির বক্তব্য, গত কয়েক দশকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চল। কিন্তু আগামী এক ট্রিলিয়ন ডলারের প্রবৃদ্ধির জন্য পূর্ব ভারতের বিকাশ অনিবার্য। তাঁর কথায়, "বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে হলে পূর্ব ভারতকে এগিয়ে আসতেই হবে। আর সেই কারণেই বাংলার গুরুত্ব অত্যন্ত বেশি।"

তিনি বলেন, পশ্চিমবঙ্গের মতো ভৌগোলিক সুবিধা দেশের আর কোনও রাজ্যের নেই। একদিকে ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের খনিজ ও শিল্পাঞ্চল, অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দ্রুত বর্ধনশীল বাজারের সঙ্গে সংযোগ সব মিলিয়ে বাংলা একটি কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। তাঁর দাবি, এই সামুদ্রিক রুটের মাধ্যমে বিশ্বের প্রায় ৬০ শতাংশ জিডিপি (GDP) এবং ৬৫ শতাংশ জনসংখ্যার বাজারের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

এই সম্ভাবনাকে কাজে লাগাতেই আগামী এক দশকে পশ্চিমবঙ্গে বন্দর, লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টার-সহ বিভিন্ন ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনার কথা জানান আদানি। তাঁর বক্তব্য, ভবিষ্যতের চাহিদার জন্য আগাম পরিকাঠামো গড়ে তুলতে পারলেই বাংলা দেশের পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। বক্তব্যের শেষে গৌতম আদানি বলেন, "বাংলাকে আমরা শুধু একটি বিনিয়োগের গন্তব্য হিসেবে দেখি না। মুন্দ্রা যেমন পশ্চিমে আমার প্রথম কর্মভূমি ছিল, তেমনই পূর্বে বাংলাকে আমার দ্বিতীয় কর্মভূমি হিসেবে গড়ে তুলতে চাই।"