টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি ফের একবার ছোটপর্দায় ফিরছেন সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আশীর্বাদ’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম মেঘলা। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা সোহম বসু রায়চৌধুরী। তবে অন্যান্য ধারাবাহিকের মতো এখানে গল্পের মাঝে নয়, বরং গল্পের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা।
আরও পড়ুন: 'ভোট চোর’! জ্ঞানেশকে নিয়ে প্যারোডি বামেদের
ধারাবাহিকের গল্প অনুযায়ী, বাবা আর ৪ ছেলেকে নিয়ে এক ছন্নছাড়া পরিবার। মা-হীন সেই পরিবারে অলক্ষ্মীর ছাপ স্পষ্ট। আর সেই পরিবারেই পা রাখতে চলেছে উচ্চবিত্ত পরিবারের মেয়ে মেঘলা। মোহনা থেকে মেঘলা হয়ে ওঠার এই সফর এবং বিয়ের পরেই একটি ভিন্ন জগতের সংসারে মানিয়ে নেওয়ার লড়াই নিয়েই এগিয়ে যাবে ‘আশীর্বাদ’-এর গল্প।
আরও পড়ুন: ঋতব্রতর স্ত্রীর বনদফতরে চাকরি নিয়ে বিস্ফোরক অভিযোগ শতরূপের
মোহনা থেকে মেঘলা হয়ে ওঠা ঠিক কতটা চ্যালেঞ্জের ছিল? মোহনা বলেন, “মোহনা আর মেঘলার মধ্যে একটা চরিত্রগত পার্থক্য রয়েছে। মেঘলা খুব নম্র, ভদ্র, নিরীহ স্বভাবের একটা মেয়ে। যে মুখের ওপর কথা বলে না, কোন কিছুতে প্রতিবাদ করা তাঁর স্বভাবে নেই। সমাজে যাঁদের আমরা ভালো মেয়ের তকমা দিই, মেঘলা একেবারে সেইরকম একটা মেয়ে। কিন্তু মোহনা একেবারেই তেমন নয়, চরিত্রগতভাবে অনেকটাই আলাদা। ফলে মোহনা থেকে মেঘলা হয়ে ওঠাটাকেই আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে।”
আরও পড়ুন: টলিপাড়ায় নতুন সমীকরণ; আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ ফর্ম ঘিরে তুঙ্গে জল্পনা
পর্দায় তো গল্পের শুরুতেই বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রাখছেন মোহনা, কিন্তু বাস্তবে নিজের বিয়ে অর্থাৎ ‘সাত পাক’ নিয়ে কী পরিকল্পনা তাঁর? এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ক্যামেরার সামনে একাধিকবার বিয়ের দৃশ্যে অভিনয় করলেও, বাস্তব জীবনে এখনই বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই তাঁর। মোহনার কথায়, এখন তিনি পুরোপুরি নিজের অভিনয় জীবন এবং কেরিয়ারে মন দিতে চান। বাস্তবে ছাদনাতলায় বসার জন্য তাঁর হাতে এখনও অনেক সময় রয়েছে, তাই আপাতত মেঘলা হয়ে দর্শকের মন জয় করতেই তিনি বেশি আগ্রহী।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে সোহম ও মোহনার এই নতুন সফর। এখন দেখার, পর্দায় মেঘলা এসে এই ছন্নছাড়া পরিবারে লক্ষ্মীর রূপ নিয়ে আসতে পারে কি না।
















