মাকে হারালেন টলিউড সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় সঙ্গে লড়াই করার পর ৮৯ বছর বয়সে শুক্রবার শেষ হল মল্লিকা দাশগুপ্তর (Mallika Dasgupta) জীবন সফর। মাতৃহারা সুরকার--পরিচালকের পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহানুভূতি তাঁর সতীর্থদের। শোকপ্রকাশ করেছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও।
ইন্দ্রদীপের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর মা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় জর্জরিত ছিলেন। বৃহস্পতিবার আচমকা অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান মল্লিকা। মাকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন ইন্দ্রদীপ। সঙ্গীত পরিচালক সুরসৃষ্টির পাশাপাশি সম্প্রতি সিনেমা পরিচালনার কাজেও হাত দিয়েছিলেন।তাঁর পরিচালিত 'কেদারা' প্রশংসিত ও পুরস্কৃত হয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিতু কামালদের নিয়ে 'গৃহপ্রবেশ' তৈরি করে কিংবদন্তি ঋতুপর্ণ ঘোষকে সিনে ক্যানভাসের মাধ্যমেই শ্রদ্ধা জানান। সম্প্রতি যিশু সেনগুপ্ত-প্রসেনজিৎ চট্টোপাধ্যাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
ইন্দ্রদীপের তৈরি গানে ক্লাসিক মিউজিক ঘরানার ছোঁয়া শ্রোতা-দর্শকদের কাছে ভীষণ পছন্দের। শুধু সঙ্গীত পরিচালনাই নয় আবহসঙ্গীতেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ২০০৩ সালে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর হাতেখড়ি হয় সঙ্গীত পরিচালক হিসেবে। ২০১১ সালে '২২শে শ্রাবণ' ছবির জন্য শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর বিভাগে পুরস্কার পেয়েছিলেন। চ্যাপলিন ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক পুরস্কার ওঠে তাঁর হাতে। নিজের সব কাজের ব্যস্ততার মাঝেও মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত নিবিড় ছিল। পুজোর মুখে নিজের সবথেকে প্রিয়জনকে হারিয়ে শোকাহত ইন্দ্রদীপ।
















