‘শওকত মাছ চোর’-এর সুরে এবার ‘ভোট চোর’! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নিশানা করে প্যারোডি গান তৈরি করল সিপিএম (CPM)। এসআইআর (SIR) ঘিরে নির্বাচন কমিশনের অন্দরমহলে মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পরই সিপিএম প্যারোডি (CPM Parody) এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। 

আরও পড়ুন: পার্টি অফিসে ভাঙচুর, থানাতেই হাতাহাতির উপক্রম! প্রকাশ্যে বিজেপির কোন্দল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ‘শওকত মাছ চোর’ প্যারোডি গানটি রাজনৈতিক প্রচারে ব্যাপক পরিচিতি পেয়েছিল। তৃণমূল নেতা শওকত মোল্লাকে কটাক্ষ করে তৈরি ওই গান বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারেও শোনা গিয়েছিল। এবার সেই জনপ্রিয় গানের আদলেই নতুন প্যারোডি তৈরি করেছে সিপিএম। এবারের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। গানের শুরুতেই শোনা যাচ্ছে— ‘ভোট চোর, ভোট চোর, জ্ঞানেশ তো ভোট চোর।’ এরপর এসআইআর এবং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে জ্ঞানেশ কুমারকে নিশানা করে একের পর এক কটাক্ষ করা হয়েছে। গানের কথায় রয়েছে, ‘ইলেকশন কমিশনে সঙ্গী হয়ে এসে, ভোট কেটে ব্যাটা গেল ফেঁসে।’ শুধু প্যারোডি নয় ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে বিজেপি পতাকা নিয়ে ভোট চুরি করেছেন জ্ঞানেশ কুমার। 

 

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এসআইআর নিয়ে জ্ঞানেশের সঙ্গে বাকি দুই কমিশনারের সংঘাতের খবর সামনে এসেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল অন্য দুই নির্বাচন কমিশনারের। গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়া, নাম পুনর্বহাল, ফর্ম ৬-এ পরিবর্তন এবং ভোটার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা-সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের আপত্তি ছিল। সেগুলিকে কর্ণপাত না করে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিলেন জ্ঞানেশ কুমার। 

এই খবর প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই জ্ঞানেশের বিরুদ্ধেই কটাক্ষ করে প্যারোডি গান বানিয়েছে বাম শিবির। সেই গানের ছত্রে ছত্রে জ্ঞানেশের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে।  এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই সিপিএমের নতুন প্যারোডি গান সামনে এসেছে। ফলে ‘শওকত মাছ চোর’-এর পরিচিত সুর ও শব্দবন্ধকে ব্যবহার করে তৈরি ‘ভোট চোর’ গানটি এখন সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে।