মাইসুরুর ১৩ জনের পর্যটক দলের সঙ্গে পুরীতে (Puri) গিয়ে বিপাকে অন্তঃসত্ত্বা (Pregnant) এক মহিলা। অভিযোগ, হোটেলের খাবারে চুল পাওয়ার পর সেটা বদলানোর দাবি জানান তিনি। কিন্তু সেই নিয়েই শুরু হয় বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোটেলকর্মীরা ওই মহিলা ও তাঁর স্বামীকে মারধর করেন। ধাক্কাধাক্কির সময় মহিলার পেট টেবিলে লাগে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মাইসুরুর বাসিন্দা ১৩ জনের একটি পর্যটক দল জগন্নাথদেবের দর্শনে পুরীতে গিয়েছিলেন। সেখানেই একটি হোটেলে খাবার খেতে গিয়ে সমস্যার সূত্রপাত। পর্যটকদের অভিযোগ, পরিবেশন করা খাবারে চুল পাওয়া যায়। এরপর খাবার পরিবর্তনের জন্য হোটেলকর্মীদের কাছে অনুরোধ করেন তাঁরা। কিন্তু আশ্চর্যজনকভাবে খাবার বদলাতে হলে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানানো হয় হোটেলের তরফে। পর্যটকরা জানান, খাবার খাওয়ার পর বিল মিটিয়ে দেবেন। কিন্তু বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অন্তঃসত্ত্বা পর্যটকের অভিযোগ, হোটেলকর্মীরা তাঁকে ধাক্কা দেন। সেই সময় তাঁর পেট বেশ জোরেই টেবিলে ধাক্কা লাগে। ঘটনার পর পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনার একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সি বিচ থানার পুলিশ (Sea Beach Police Station personnel)। ঠিক কী কারণে বচসা এতটা চরমে পৌঁছল, এবং পর্যটকদের সঙ্গে কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পুরীতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।
















