সামনেই দুর্গাপুজো। আর আগেই মাসের শেষে টানা তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আর তাতে বিপাকে পড়েছেন সরকারি-বেসরকারি কর্মী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই আবহে এবার পাল্টা সাফাই দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসবিআই গ্রাহকেরা দেশের যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে অতিরিক্ত এটিএম ব্যবহারের চার্জ দিতে হবে না। অর্থাৎ, সাধারণ নিয়মে যে মাসিক বিনামূল্যে নগদ তোলার সীমা থাকে, ধর্মঘটের ওই তিন দিনে তার অতিরিক্ত লেনদেনের জন্যও কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে কাম্বলি! ভিডিওতে কী জানালেন প্রাক্তন ক্রিকেটার

সাধারণত এসবিআইয়ের এটিএম থেকে মাসে কমপক্ষে পাঁচ বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পান গ্রাহকেরা। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রেও মাসে তিনবার বিনামূল্যে লেনদেনের সীমা থাকে। সেই সীমা পেরিয়ে গেলে নিয়ম অনুযায়ী অতিরিক্ত চার্জ দিতে হয়। তবে ধর্মঘট চলাকালীন তিন দিনের জন্য সেই অতিরিক্ত চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। 

শুধু এটিএম চার্জ নয়, ধর্মঘটের সময় নগদের জোগান স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছে এসবিআই। যাতে গ্রাহকেরা প্রয়োজনের সময় এটিএম থেকে টাকা তুলতে গিয়ে নগদের অভাবে সমস্যায় না পড়েন, সেইদিকে বিশেষ নজর রাখা হবে। তবে ব্যাঙ্কের শাখাভিত্তিক পরিষেবা ধর্মঘটের প্রভাব পড়বে। তাই চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি, ঋণ সংক্রান্ত কাজের মতো শাখায় গিয়ে করতে হয় এমন জরুরি কাজ থাকলে তা আগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


অন্যদিকে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং এসবিআইয়ের ওয়াইওএনও (YONO) অ্যাপের মতো ডিজিটাল পরিষেবা স্বাভাবিক রাখার কথা জানানো হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চের তরফে দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবি জানানো হচ্ছে। সেই দাবিকে কেন্দ্র করে এর আগে ১১ সেপ্টেম্বর দেশব্যাপী এক দিনের ধর্মঘটও হয়েছিল। এবার ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।