একসময় ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটে ঝড় তোলা বিনোদ কাম্বলি (Vinod Kambli) এখন কোথায় আছেন? কেমন আছেন? সেই নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাম্প্রতিক একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) তাঁকে ‘নিদান কেয়ার সেন্টার’-এ (Nidan Care Center) দেখা গিয়েছে। ভিডিওয় নিজের বর্তমান থাকার জায়গা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও কাম্বলির আবেগঘন কথাবার্তা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। এরপরই তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিওতে কাম্বলি জানিয়েছেন, নিদান কেয়ার সেন্টারে তিনি যথেষ্ট ভালো পরিষেবা পাচ্ছেন। জায়গাটির পরিচ্ছন্নতা, পরিবেশ এবং ব্যবস্থাপনা নিয়ে তাঁর বক্তব্যও ছিল ইতিবাচক। সেখানে থাকা মানুষজনের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পাচ্ছেন, সেটিও উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, পরিবেশের কারণে সেখানে থেকেও নিজেকে কখনও একা বা নিজের বাড়ির বাইরে বলে মনে হচ্ছে না। তিনি বলেছেন,  “আমি এই মুহূর্তে ‘নিদান’-এ আছি। এখানকার যাবতীয় সুবিধা অত্যন্ত উন্নতমানের। এখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য সব ব্যবস্থাই দুর্দান্ত। এখানে থাকতে গিয়ে আমার কখনওই মনে হয় না যে আমি নিজের বাড়িতে নেই। এখানকার মানুষজন আমাকে অনেক ভালোবাসা ও সম্মান দিচ্ছেন।” 

কাম্বলিকে নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থা নিয়ে একাধিক খবর সামনে এসেছে। এর আগে একটি ভিডিওতে তাঁকে লাঠির সাহায্যে হাঁটতে দেখা যাওয়ার পরও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর ব্যক্তিগত জীবন এবং আর্থিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর নতুন ভিডিও সামনে আসায় ফের তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: 'ভোট চোর' জ্ঞানেশের ঘুষ কাণ্ড প্রকাশ্যে! ফাঁস মুখ্য নির্বাচন কমিশনারের আরও এক কেলেঙ্কারি

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন কাম্বলি। তাঁর ক্রিকেটজীবনের একাধিক স্মরণীয় ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছে। শৈশবের বন্ধু সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর সম্পর্কও বরাবরই আলোচনায় থেকেছে। ক্রিকেটের সেই পরিচিত মুখকে জীবনের এই পর্যায়ে দেখে আবেগাপ্লুত তাঁর বহু অনুরাগী।