বেঙ্গালুরুতে প্রীতি ম্যাচে কঠিন প্রতিপক্ষ পানামার বিরুদ্ধে ম্যাচ ড্র করল ভারতীয় ফুটবল দল। ম্যাচের ফল ১-১। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে দেশকে আটকে দিল ১৩৮তম স্থানে থাকা ভারত। ব্রাজিল উরুগুয়ে ম্যাচের আগে যা বাড়তি মোটিভেশন ব্লু টাইগার্সদের।

বিশ্ব ক্রম তালিকায়  ৪৪ এ থাকা সদ্য বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই খালিদ জামিলের ছেলেদের। শক্তিশালী দলের বিরুদ্ধে রক্ষণাত্বক নয়, শুরু থেকে পানামা অর্ধে আক্রমণ তুলে এনে প্রতিপক্ষ ডিফেন্ডারদের অস্বস্তিতে রাখেন রায়ান উইলিয়ামস,মনবীর, আশিক কুরুনিয়ানরা। তাঁদের মিলিত আক্রমণের মুখে পানামা গোলকিপারকে ব্যস্ত থাকতে হয়েছিল।

অবশেষে ম্যাচের ৪১ মিনিটে রায়ান উইলিয়ামস গোল করে ভারতকে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনজনকে বদল করে পানামা। তাতেই খেলার দখল নিয়ে নেয়। 

প্রথমার্ধ এই এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে পানামাকে সমতায় ফেরান ওমর ভ্যালেন্সিয়া। বলের গতি ও বাঁকের সঙ্গে পাল্লা দিতে না পেরে দাঁড়িয়ে দেখলেন গুরপ্রীত। ম্যাচের শেষ মুহূর্তে ভারতের হয়ে আজ অর্ধশততম আন্তর্জাতিক ম্যাচে খেলা মনবীর সিং একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে একটি দারুণ বল পেলেও শট নিতে দেরী করে ফেলায় সুযোগটি নষ্ট হয়। 

শেষ ৪টি আন্তর্জাতিক ম্যাচে ভারত কোনও জয় পায়নি। শেষ জয় এসেছিল হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচে। রায়ান উইলিয়ামসের গোলে। 

ফিফার সোশ্যাল মিডিয়া পেজেও ভারতকে সাবাশি দেওয়া হয়েছে। ফুটবলারদের মানসিক দৃঢ়তা ও মানসিকতার প্রশংসায় খালিদ জামিল। ভারতীয় দলের ভূয়সী প্রশংসায় পানামা কোচ টমাস।

পানামার বিরুদ্ধে এই পারফরম্যান্সের পর এবার কি নতুন দিনের স্বপ্ন দেখা যায়? এরপর কি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও বেগ দেবে ব্লু টাইগার্সরা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচে ১-১ ড্র করল ব্রাজিল। নেস্টরি ইরানকুন্ডার গোলে অস্ট্রেলিয়া এগিয়ে গেলেও, একেবারে শেষ মিনিটে রায়ান গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। এরপর ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলে ভারতে আসবে ব্রাজিল দল।