তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নিরাপত্তা ঘিরে ফের বড়সড় পরিবর্তন। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’-এর সামনে এবার সরান হচ্ছে পুলিশ-কিয়স্ক (Police)। অভিষেকের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের জন্যই তৈরি করা হয়েছিল এই কিয়স্ক। কী কারণে সরানো হল এটি তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: ভোটের পর এবার জলের অধিকার! জ্যোতিনগরে জল বন্ধ নিয়ে হাইকোর্টে PIL
অভিষেকের বাড়ি ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বদল অবশ্য নতুন নয়। এর আগেই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পুলিশি নিরাপত্তার সঙ্গে যুক্ত স্ক্যানার। নিরাপত্তা সংক্রান্ত আরও বেশ কিছু পরিকাঠামোও ধীরে ধীরে ফাঁকা করে দেওয়া হয়। যে ধরনের স্ক্যানার অভিষেকের বাড়িতে ব্যবহার করা হত, সাধারণত সেই মানের নিরাপত্তা সরঞ্জাম বিমানবন্দর, রেল স্টেশন কিংবা বড় কোনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রবেশপথে দেখা যায়। এ বার সেই তালিকায় যুক্ত হল পুলিশ-কিয়স্কও। হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের অবস্থানের জন্য এই কিয়স্ক ব্যবহার করা হত। এখন সেটিও সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, অভিষেকের বাড়ি ঘিরে অতিরিক্ত নিরাপত্তা পরিকাঠামো গত কয়েক মাসে একাধিক ধাপে সরানো হয়েছে। মে মাসেও তাঁর হরিশ মুখার্জি রোডের বাড়ি-সহ একাধিক ঠিকানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, কিয়স্ক, স্ক্যানার এবং অন্যান্য পরিধিগত নিরাপত্তা ব্যবস্থা সরানোর খবর প্রকাশ্যে এসেছিল। এর পর আরও বড় পরিবর্তন আসে অভিষেকের নিরাপত্তার বদল আসে । তাঁর ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার করে সাংসদদের জন্য নির্ধারিত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে যেটুকু নিরাপত্তা প্রাপ্য, সেটাই বর্তমানে পেয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবার হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে থেকে ঠিক কী কারণে এবার পুলিশ-কিয়স্কটি সরিয়ে ফেলা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।
















