"আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব"। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠার পরে শনিবারের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র আক্রমণ করে তিনি বলেন, SIR-এর নাম করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে তবেই ভোটে জিতেছে বিজেপি।
আদালতের অনুমতি নিয়ে এদিন সভা করেন মমতা। আর সেই সভা থেকে তিনি স্পষ্ট বলেন, জ্ঞানেশ যেমন ধরা পড়েছে, তেমন আরও অনেকের কুকর্মই সামনে আসবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা SIR নিয়ে নতুন করে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্য়াগের দাবি উঠছে। আর সেই আবহেই শ্রীরামপুরের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, "ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, যারা অন্য়ায় করছে, প্রত্যেকটা রেকর্ডে আছে। যখন ফাঁসবেন, বিজেপি-র লুম্পেনদের, গুন্ডাদের পাশে পাবেন না। কত অ্যারেস্ট করবেন! কত জেল বানাবেন! বাংলায় আপনাদের এখন গুন্ডা-গদ্দারি, মানিমুন পিরিয়ড চলছে। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। কল্যাণের জন্য় আদালতের অনুমতি নিয়ে আজ এই মিটিং হচ্ছে আমাদের। যদি মানুষের ভোটেই জিতে থাকেন, তাহলে অন্য দলকে মিটিং করতে দিচ্ছেন না কেন? কেন অন্য দলের স্বাধীনতা, কথা বলার অধিকার থাকবে না? আপনারা কী ভাবেন, এভাবে চলবে? চলবে না দিল্লি টলমল। কথা আছে, পাপ কখনও বাপকে ছাড়ে না।"
SIR-এর ষড়ন্ত্রের অভিযোগ তুলে তৃণমূল (TMC) সভানেত্রী জানান, "আমরা বলতাম, SIR কেন করেছিলে? শুধুমাত্র জোর করে বাংলা দখল করবে বলে। এমবিতে তো পারবে না! SIR-এর নাম করে ৯২ লক্ষের নাম বাদ দিয়েছে। কতবার বলেছিলাম আমরা। ছবি আছে, বস্তায় করে ফর্ম ৬ জমা দিয়েছে। বিজেপি-র সিম্বল লাগিয়ে। সব আছে। ৭ লক্ষ ফর্ম ৬ জমা পড়েছে। দেশের ১৩ কোটি মানুষ SIR-এর বলি। যাদের ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তারা খেতে পাবে, আর গরিব মানুষরা বাদ! সাহস থাকলে বড় বাড়ি ভেঙে দেখান। তা না করে গরিব হকারদের রুটি-রোজগার খাচ্ছেন। আমি কোর্টে হকারদের মামলা লড়ব। এদের বিকল্প কাজের সন্ধান দিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণ।"
কেন তিনি আগেই নাম দিয়েছিলেন ‘ভ্যানিশ কুমার’? সভামঞ্চে থেকে ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, "যে অত্যাচার করছো, শীঘ্রই জবাব পাবে। আমিই তো নাম দিয়েছিলাম ভ্যানিশ কুমার। কারণ সবার নাম ভ্যানিশ করে দিচ্ছিল। কতবার করে লাইনে দাঁড়াতে হবে! লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত। অন্নপূ্র্ণা কেউ পাবে, কেউ পাবে না। আজ ১.৫ কোটি মানুষ পান না। ভোটের আগে বলেছিলেন? শুধু ভ্যানিশ কুমারকে নিশানা করলে হবে না। সে তো আছেই, তাকে সরতেই হবে। সঙ্গে সীমা খন্না, পিছনে আছে নারদ নারদ। বিজেপি-র অত্যাচার জীবন্ত যমালয়কে ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর পর নরকেও বোধহয় এত অত্যাচার করে না যমরাজ। এই কয় মাসে যা দেখলাম...। ১৪০০০ কেস দিয়েছে।"
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আমরা হারিনি। আমাদের জোর করে হারানো হয়েছে ।" এর পরেই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, "আপনারা কী আমাদের হারাবেন? ওই চেয়ারটাকে আমরা কেয়ার করি না। মানুষকে কেয়ার করি। আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব।" তাঁর হুঁশিয়ারি, "অপেক্ষা কর, গণতন্ত্রের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে।"
















