জঙ্গলমহলে রামলাল (Ramlal) যেন পরিবারেরই একজন। ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর, এমনকি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও তাকে একডাকে চেনে স্থানীয়রা। লোকালয়ে ঢুকলে তাকে দেখতে ভিড় জমে যায়। কেউ ছবি তোলেন, কেউ খাবার এগিয়ে দেন। শনিবার ভোরেও তেমনই রামলালকে দেখতে পথে নেমেছিলেন বহু মানুষ। কিন্তু সেই উৎসাহের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টরের (Tractor) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১৫ বছরের এক কিশোরের (Minor Boy Dead)।

আরও পড়ুন: ব্যান বিতর্ক অতীত! দেবের ডিরেকশনে কাজ করাটাই চ্যালেঞ্জিং, অকপট অনির্বাণ


ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাঘরাশোল এলাকার। মৃত কিশোরের নাম শুভদীপ মাহাতো। শালবনি ব্লকের চ্যাঙশোলের বাসিন্দা শুভদীপ শালবনি মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে গোদাপিয়াশাল রেঞ্জের ঘাঘরাশোল এলাকায় ঢোকে রামলাল। রাস্তা দিয়ে হাতিটিকে দুলকি চালে এগিয়ে যেতে দেখে উৎসাহী মানুষজন তার পিছু নিতে শুরু করেন। রামলালকে অনুসরণ করছিল একটি ট্রাক্টরও। ট্রাক্টরের উপরে কয়েক জন কিশোর ছিল। দীর্ঘক্ষণ রামলালকে অনুসরণ করার পর আচমকাই হাতিটি দাঁড়িয়ে পিছনের দিকে ঘুরে যায়। সঙ্গে সঙ্গে তাকে দেখতে থাকা লোকজনও পিছন দিকে দৌড়তে শুরু করেন। সেই সময় ট্রাক্টরের উপরে থাকা কয়েক জন কিশোর লাফ দিয়ে নেমে পড়ে। একই সময়ে ট্রাক্টরটিও পিছন দিকে ঘোরানোর চেষ্টা করছিল। আর তখনই ঘটে বিপত্তি। ট্রাক্টরের চাকায় চাপা পড়ে যায় কিশোর।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও কিছুক্ষণ পর মৃত্যু হয় কিশোরটির। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় শালবনি থানার পুলিশ (Shalboni Police Station)। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, ট্রাক্টরটি কী অবস্থায় ছিল এবং ওই সময় সেখানে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।