হকার উচ্ছেদ করে তাঁদের রুজি-রোজগার কেড়ে নেওয়া যাবে না। উচ্ছেদ করতে হলে দিতে হবে ক্ষতিপূরণ, করতে হবে বিকল্প জীবিকার ব্যবস্থা। শ্রীরামপুরের (Serampore) সভা থেকে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee)। হকারদের হয়ে আদালতে মামলা লড়ারও ঘোষণা করেন তিনি। তাঁর অভিযোগ, উচ্ছেদ অভিযানের জেরে বহু মানুষ কর্মহীন হচ্ছেন, তাঁদের জীবিকার উপর সরাসরি আঘাত করা হচ্ছে।

আরও পড়ুন: আসল কথা তুলে ধরার জন্য ওকে ধন্যবাদ: কংগ্রেস প্রার্থী মিলনের মেয়েকে সমর্থন মমতার

হকারদের জীবিকা রক্ষায় প্রশাসনের বিকল্প ব্যবস্থা করা উচিত বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, যাঁদের উচ্ছেদ করা হচ্ছে, তাঁদের পুনর্বাসন বা বিকল্প জীবিকার ব্যবস্থা না করে শুধু দোকানপাট সরিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। 

পাশাপাশি ছোট ব্যবসায়ীদের থেকে হয়রানি ও টাকা চাওয়ার অভিযোগও তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, বিরিয়ানি ও মিষ্টির দোকান-সহ বিভিন্ন ছোট ব্যবসায়ীর কাছে টাকা চাওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ জানিয়েও অনেক ক্ষেত্রে তা গ্রহণ করা হচ্ছে না। এই ধরনের অভিযোগ-সহ উচ্ছেদ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সরব হয়েছেন তিনি।