ফের প্রকাশ্যে বিজেপির (BJP) অন্তর্কলহ। পার্টি অফিস ভাঙচুরকে ঘিরে বিজেপির দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে। সাইনবোর্ড ভাঙা, জানলার কাচ চুরমার। শুক্রবার রাতে বর্ধমানে (Bardhaman) বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। অভিযোগের তির দলেরই এক নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগকে কেন্দ্র করে থানার সামনেই প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির দুই নেতা।
আরও পড়ুন: "সন্ত্রাসবাদীদের পরিণাম ভুগতে হবে": রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ভর্ৎসনা ভারতের
বর্ধমান দক্ষিণ বিধানসভার ৪ নম্বর মণ্ডলের পার্টি অফিসে শুক্রবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছন মণ্ডল সভাপতি রাজু মণ্ডল। তাঁর দাবি, অফিসের একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাইনবোর্ড ও জানলার কাচ।
ঘটনার পিছনে মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর অনুগামীরা রয়েছেন বলে অভিযোগ করেন রাজু। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রাতেই থানায় যান তিনি। সেখানেই মনোজের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হয়ে যায়। এরপর দু’জনের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, থানার চত্বরেই একে অপরের দিকে আঙুল তুলে তেড়ে যান দু’জন।
আরও পড়ুন: জোড়া সোনা জিতে বাড়ি ফিরেই মর্মান্তিক পরিণতি নবম শ্রেণীর ছাত্রীর
পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। কর্তব্যরত এক পুলিশ আধিকারিক দুই নেতাকে ধমক দিয়ে থানা চত্বর থেকে বের করে দেন। তবে রাজুর অভিযোগ সরাসরি অস্বীকার করে পালটা তাঁর বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন মনোজ চক্রবর্তী। তাঁর দাবি, রাজুর বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছে। এমনকি বালিঘাট থেকে তোলা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই কাজে আপত্তি জানানোর পর তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল বলেও দাবি মনোজের।
পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, পালটা একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং তারপর থানার সামনেই দুই নেতার প্রকাশ্য বচসা, গোটা ঘটনায় বর্ধমানের বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ফের সামনে চলে এল।
















